২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ উপদেষ্টা দপ্তরে আসেননি

তত্ত্বাবধায়ক সরকারের পাঁচ উপদেষ্টা বৃহস্পতিবার দপ্তরে আসেননি।

আবু সুফিয়ান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

সচিবালয় সূত্র জানিয়েছে, পাঁচ উপদেষ্টা মাহবুবুল আলম, আকবর আলী খান, সুলতানা কামাল, সিএম শফি সামি এবং হাসান মশহুদ চৌধুরী কোনোরকম দাপ্তরিক কাজ করেননি।

উপদেষ্টাদের এ অনুপস্থিতি সম্পর্কে তাদের সহযোগী বা সহকারীরা কিছু জানাতে পারেননি।

এদের মধ্যে তিনজন বাসায় বিশ্রাম নিয়েছেন বলে জানা গেছে।

দপ্তরে নিজের অনুপস্থিতি সম্পর্কে সুলতানা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে শুধু এটুকুই বলেন যে, “আমি অসুস্থ”।

নিজ বাসা থেকে হাসান মশহুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে টেলিফোনে বলেন, “আমি অসুস্থ। এ কারণে কারো সঙ্গে কথা বলতে চাচ্ছি না।”

আকবর আলী খানের সঙ্গে কথা বলতে চাইলে তার বাসা থেকে জানানো হয় যে, “দুঃখিত, তিনি বিশ্রাম করছেন।”

আরেক উপদেষ্টা মাহবুবুল আলমের মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে তার জনসংযোগ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানিয়েছিলেন, “মাহবুবুল আলম বিকেলে হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন।”

এর আগে যোগাযোগ করা হলে তার দপ্তর থেকে জানানো হয়, ‘তিনি আজ আসবেন না। তার বাইরে প্রোগ্রাম আছে।’

সিএম শফি সামিও বাসায় ছিলেন। তবে তিনি অসুস্থ এবং কারো সাথে কথা বলবেন না বলে তার বাসা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানানো হয়।