আজিজকে না সরানো পর্যন্ত অবরোধ চলবে: জলিল
নির্বাচন কমিশন পুনর্গঠন এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) না সরানো পর্যন্ত দেশব্যাপী অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ এবং কমিশনার স ম জাকারিয়ার বিদায়ের পর নির্বাচন কমিশনে বিতর্কিত আর কাউকে যাতে নিয়োগ দেওয়া না হয় সেজন্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে সতর্ক করে দিয়েছে ১৪ দল।
বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়ে দলের সাধারণ সম্পাদক এবং ১৪ দলের সমন্বয়ক আবদুল বলেন, ‘আজিজ-জাকারিয়ার বিদায়ের পর তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে’।
জলিল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সব উপদেষ্টারা ৪৮ ঘণ্টার মধ্যেই এম এ আজিজ এবং স ম জাকারিয়ার চলে যাওয়ার বিষয়ে নিশ্চয়তা দিলেও এখনো তারা স্বপদে বহাল আছেন। উপদেষ্টাদের এ ধরনের আশ্বাসের কারণে জনগণ বিভ্রান্ত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
আবদুল জলিল তৃতীয় দিনেও আবরোধ সফল করায় জনগণকে ধন্যবাদ জানান। চলমান আন্দোলনের সঙ্গে যোগ দেওয়ার কারণেই বুধবার জাতীয় পার্টির নেতাদের ওপর অস্ত্রধারী বিএনপি, জামাত-শিবির কর্মীরা হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
