প্রশাসনকে নিরপেক্ষভাবে সাজাতে বললেন অস্ট্রেলিয় হাইকমিশনার
অস্ট্রেলিয় হাইকমিশনার ডগলাস ফসকেট মাঠ প্রশাসনের মতো কেন্দ্রীয় প্রশাসনও নিরপেক্ষভাবে সাজানোর অনুরোধ করেছেন।
বুধবার সকালে উপদেষ্টা ধীরাজ কুমার নাথের সঙ্গে তাঁর অফিসে দেখা করে তিনি এ অনুরোধ জানান।
পরে উপদেষ্টা সাংবাদিকদের কাছে ডগলাসের সঙ্গে কি কি আলোচনা হয়েছে তা তুলে ধরেন।
ডগলাস বলেন, নির্বাচনের সময় মাঠ এবং কেন্দ্রীয় উভয় প্রশাসনই গুরুত্বপূর্ণ।
নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে হাইকমিশনার উপদেষ্টার কাছে উদ্বেগ প্রকাশ করেন। এধরনের অবস্থা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্যও তিনি পরামর্শ দেন। ইতিমধ্যেই সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণের জন্য উপদেষ্টা কমিটি গঠনের বিষয়টি উপদেষ্টা হাইকমিশনারকে অবহিত করেন।
হাইকমিশনার বলেন, নির্বাচনের সময় তার দেশ ৩০০ পর্যবেক্ষক পাঠাতে চায়। এর মধ্যে এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের এনজিও গুলোও তাদের হয়ে কাজ করবে। নির্বাচনের পর যদি কেউ অভিযোগ করে যে জাল ভোট পড়েছে বা কোন ধরনের কারচুপি হয়েছে তখন পর্যবেক্ষকরা প্রকৃত ঘটনা তুলে ধরবে বলে হাইকমিশনার জানান।
নিরপেক্ষ প্রশাসন সাজানোসহ উপদেষ্টা পরিষদ এপর্যন্ত যে কাজগুলো করেছেন ডগলাস তার প্রশংসা করেন ।
