ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে দায়ী করলো পশ্চিমবঙ্গ পুলিশ
পশ্চিমবঙ্গে ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করা হয়েছে। রাজ্যের গোয়েন্দা পুলিশের প্রধান বলেছেন, বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিরা আজ অনেক বছর ধরেই বাংলাদেশে অবস্থান করেছে এবং প্রশিক্ষণ নিয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়িতে সোমবারের ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই আটজন নিহত হয়। পরে আরও চারজন মারা যায়।
পশ্চিমবঙ্গ পুলিশ বিস্ফোরণের সঙ্গে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) নামে একটি পাহাড়ি গ্রুপকে দায়ী করেছে।
পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশ প্রধান সুজিত সরকার বলেছেন, “২০০৩ সালে ভূটানের সেনাবাহিনী কেএলও এর ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর থেকে সংগঠনটির চেয়ারম্যান তুষার দাশ ওরফে জীবন সিং ঢাকা এবং রংপুরে বসবাস করে আসছে। তার বোন সুমিত্রা এই বিস্ফোরণের মূল হোতা।”
সুজিত সরকার বলেন, গোয়েন্দা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো উভয়ই গত মাসে জানায় যে সুমিত্রা দাস আরও সাত কেএলও গেরিলাদের সঙ্গে নিয়ে বোমা হামলার প্রশিক্ষণ নেয়।
সুজিত বলেন, “সুমিত্রা এবং তার সহযোগীরা সবাই বাংলাদেশে এই প্রশিক্ষণ নিয়েছে।”
উত্তরবঙ্গে পাহাড়ীদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে কেএলও গত এক দশক ধরে লড়াই চালিয়ে আসছে। এদের সঙ্গে আসামের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (উলফা) এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেপ্টেম্বরে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে মধ্যস্থতাকারীদের আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে উলফা বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটিয়েছে। আসামে এরই একটি বোমা হামলায় ২০জন নিহত হয়।
ভারত অভিযোগ করেছে, উলফা এবং কেএলও উভয় দলের নেতারাই বাংলাদেশকেন্দ্রিক। বাংলাদেশ অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
তবে সুজিত সরকার জানান, কেএলও নেতা জীবন সিং এবং উলফার সামরিক শাখা প্রধান পরেশ বড়ুয়ার আলাপচারিতা টেপ করা হয়েছে এবং এতে স্পষ্টই বোঝা গেছে যে, তারা বাংলাদেশে অবস্থান করছে এবং তারা গ্রামীণ ফোনের মোবাইল থেকে কথা বলেছেন।
আসামের গোয়েন্দা পুলিশ প্রধান খগেন শর্মা একমত হয়েছেন সুজিত সরকারের সঙ্গে। তিনি বলেছেন, গত ১৫ বছর ধরে পরেশ বড়ুয়া ঢাকার যে ১২টি বাড়িতে অবস্থান করেছেন তার বিস্তারিত তথ্য প্রমাণ তার কাছে আছে। সুজিত সরকার বলেন, “ওই ১২টির বাড়ির কয়েকটি জীবন সিংও অবস্থান করেছিলেন।”
