শায়খ ও বাংলা ভাইসহ ছয় জঙ্গির আপিলের শুনানি শুরু
ঝালকাঠি বিচারক হত্যা মামলায় শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলাভাই সহ ছয় জঙ্গির ফাঁসির আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি রোববার সুপ্রিম কোর্টে শুরু হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারকের পুর্ণাঙ্গ বেঞ্চে সোমবারও এই শুণাফন চলবে।
শুনানির এক পর্যায়ে সরকার পক্ষের আইনজীবীকে আদালত বলেন,“শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই, সানি ও আওয়ালের পক্ষে আপিল করা হয়েছে শর্তসাপেক্ষে। তারা হাই কোর্ট এবং ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করেনি। এমন কি, আদালতের কাছে তারা আত্মসমর্পনও করেনি। তাহলে তাদের আপিল কিভাবে মঞ্জুর করা সম্ভব?”
জেএমবির ছয় জঙ্গির জেল পিটিশন পড়া শেষে সরকার পক্ষের আইনজীবী আদালতে বলেন, “প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে।” কিন্তু আদালত বলেছে,“আপিলকারীরা মানুষের তৈরি আদালতে (তাগুতী আদালত) বিশ্বাসী নয়।”
বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে হত্যা মামলায় জেএমবির সাত জঙ্গি শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম (বাংলা ভাই),আতাউর রহমান সানি, আব্দুল আওয়াল, মামুন, আরিফ ও খালেদ সাইফুল্লাহকে ঝালকাঠি নিম্ন আদালতে মৃত্যুদন্ড দেয়া হয় গত ২৯ মে ।
৩১ আগস্ট উচ্চ আদালতে এই রায় বহাল রাখা হয়।
