২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার সংস্থার হেফাজতে উদ্ধারকৃত ৩১ নারী

বিদেশে পাচারকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার করা ৩১ নারীকে শুক্রবার গভীর রাতে একটি মানবাধিকার সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে পুলিশের বিশেষ শাখাকে (এসবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 11:30 AM

Updated : 26 Apr 2022, 04:04 PM

বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে শুক্রবার সকালে এদের লেবাননে পাচার করা হচ্ছিল। সকাল পৌনে ৮ টায় গালফ এয়ারের ফ্লাইট-৪৫৬ এ করে তাদের মাসকাট হয়ে লেবানন নিয়ে যাওয়ার কথা ছিল। পাসপোর্ট-ভিসা সব ঠিকঠাক থাকলেও তাদের লেবাননের কাজের অনুমোদনপত্র ছিল জাল। এ কারণে সন্দেহবশত: ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শফিক শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ওই ৩১ নারীকে জাতীয় মহিলা আইনজীবী সমিতির হেফাজতে দেওয়া হয়। সমিতির প্রধান অ্যাডভোকেট সালমা আলী বিমানবন্দর থানায় এসে আটক এসব নারীদের নিয়ে যান।

তিনি জানান, প্রতারিত ওই ৩১ নারীর পক্ষে সমিতি মামলা চালাবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষের দায়ের করা মামলাটি এসবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এসবি পুলিশই মামলাটি তদন্ত করে দেখবে।

পুলিশ সূত্র জানায়, বিমানবন্দরে কর্মরত শ্রম ও জনশক্তি ব্যুরো কর্মকর্তারা ওই ৩১ জন নারীকে উড্ডয়নের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দেন। এ কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সন্দেহ, এই নারী পাচার চেষ্টার সঙ্গে তাদেরও যোগ সাজস রয়েছে।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃত অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, জরিপ কর্মকর্তা হাসানুল জাহিদ ও রিয়াজুর রহমান, কল্যাণ বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান ও শাজাহান এবং কম্পিউটার অপারেটর মোশাররফ হোসেন। এছাড়া সদ্য নিযুক্ত দুজন জরিপ কর্মকর্তা আব্দুল কাদের ও মোহাম্মাদ দিলদারকে মামলার সাক্ষী করা হয়েছে।