বরিশালে ট্রলার ডুবি: শিশুসহ ছয় মহিলার লাশ উদ্ধার
কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় ট্রলারসহ ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর উদ্ধারকারী জাহাজ হামজা ডুবন্ত যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করেছে।
ট্রলারের মধ্য থেকে সামসুন্নাহার পাখি (৩০), রিজিয়া বেগম (৩৫), লিলি বেগম (৩২) বিলকিস বেগম (৩৮), সুমন (৬) এবং অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের প্রত্যেকের বাড়ি বলিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার লেঙ্গুটিয়া এবং জাঙ্গালিয়া গ্রামে।
গতকাল বুধবার বিকেলে লিমা এক্সপ্রেস নামের ট্রলারটি প্রায় অর্ধশত যাত্রী নিয়ে মেহেন্দীঞ্জের উদ্দেশ্যে বরিশাল থেকে ছেড়ে যায়। ট্রলারটি সাহেবের ঘাট চ্যানেল অতিক্রম করার সময় বালিকাটা ড্রেজার কদমরসুল ও আল কায়দা ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এসময় কিছু যাত্রী অন্য একটি ট্রলারের মাধ্যমে তীরে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ হয়।
মেরিন ইন্সপেক্টর শাহরুম হোসেন বলেন, উদ্ধারকাজ এখনও চলছে। নিহতদের লাশ তাদের আত্মীয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
