টঙ্গীতে ট্রেনে আগুন, ভাংচুর, সংঘর্ষ
অবরোধ কর্মসূচির প্রথম দিন রোববার টঙ্গীতে ট্রেনের দুটি বগিতে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
কমলাপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস নামের একটি ট্রেন সকাল সাড়ে ৯ টায় টঙ্গী রেলওয়ে জংশন সংলগ্ন হোম সিগন্যাল এলাকায় ১৪ দলের নেতাকর্মীদের কবলে পড়ে। শতাধিক নেতা-কর্মী ট্রেনটি থামিয়ে চালককে নামিয়ে দেয়। এ সময় তারা লাঠিসোটা নিয়ে ট্রেনের জানালার কাঁচ ও ফ্যান ভাংচুর করেন।
পরে বিক্ষুব্ধ কর্মীরা প্রথম শ্রেণীর দুটি কামরায় আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে দাঙ্গা পুলিশ ও বিডিআর ঘটনাস্থলে আসে। টঙ্গী ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নেভানোর আগেই দুটি কামরার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনার সময় ট্রেনযাত্রীরা ভয়ে ছুটাছুটি শুরু করেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ পাহারায় ট্রেনটি ঢাকার দিকে ফেরত যায়।
সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীতে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে চেরাগআলীতে দলীয় কার্যালয়ে শেষ হয়। অল্প সময়ের ব্যবধানে টঙ্গী হোসেন মার্কেটের সামনে থেকে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি বিএনপি কার্যালয় অতিক্রমের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থকদের ধাওয়া খেয়ে বিএনপি কর্মীরা পিছু হটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। আওয়ামী লীগ সমর্থকরা তখন মিছিল নিয়ে স্টেশন রোড এলাকার দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশ করেন।
অবরোধ চলাকালে জেলার কোথাও রিকশা ছাড়া অন্য কোন যানবাহন চলেনি। অফিস আদালত খোলা থাকলেও কাজ হয়নি।
