অবরোধে সুপ্রীম ও হাইকোর্টে বিচারকাজ হয়নি
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ ১১ দফা দাবিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের দেশব্যাপী লাগাতার অবরোধের প্রথম দিন রোববার সুপ্রীমকোর্টে বিচারকাজ হয়নি। বিচারকাজ হয়নি হাইকোর্টেও। আদালত সূত্রে একথা জানা গেছে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ১৪ দল সমর্থক আইনজীবীরা আদালত বর্জন করে রাজপথে মিছিল ও সমাবেশ করেছেন।
পাল্টা কর্মসূচি হিসেবে চারদলীয় জোট সমর্থক আইনজীবীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনে সভা করেছে।
সুপ্রীমকোর্টে রোববার বিচার বিভাগ পৃথকীকরণ মামলা ও বিচারক হত্যা মামলায় ফাঁসির আদেশপ্রাপ্ত জেএমবির শীর্ষ জঙ্গিদের লিভ-টু-আপীলের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আপীল বিভাগের সাত বিচারপতির মধ্যে কেবল প্রধান বিচারপতি ও অপর এক বিচারপতি আদালতে আসায় মামলা দু’টির শুনানি হয়নি।
দু’একজন বিচারপতি এলেও হাইকোর্ট বিভাগেও বিচারকাজ হয়নি বলে আদালত সূত্রে জানা গেছে।
সকালে ১৪ দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পররাষ্ট মন্ত্রনালয়ের সামনে কদম ফোয়ারা চত্বরের দু’দিকের রা¯তা অবরোধ করে দুপুর পর্যন্ত সমাবেশ করেন। এতে যোগ দেন পেশাজীবী সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও সম্মিলিত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, সাবেক সভাপতি মো. ওজায়ের ফারুক, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, মাহবুবে আলম এবং প্রশিকার চেয়ারম্যান ড. কাজী ফারুক আহমেদ এতে অংশ নেন।
বক্তারা বলেন, এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ নিরপেক্ষতা প্রমানের বদলে নানা ধরনের কর্মকান্ডের মাধ্যমে নিজেকে বিতর্কিত করে তুলেছেন।
তারা প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিনের পদত্যাগ এবং সংবিধান সম্মতভাবে ওই পদে গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানান।
বিকেলে আজিজের কাকরাইলের বাসার দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্যদের বাধা দেয়। পরে কাকরাইল মসজিদের সামনের রাস্তায় আইনজীবীরা সমাবেশ করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দুপুরে সিনিয়র এ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনে প্রতিবাদ সভা করে।
বক্তব্য রাখেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান। বক্তারা বিচারপতি এম এ আজিজের পক্ষে বক্তব্য রাখেন।
