২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির বক্তব্য জনগণের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন: ইউনূস

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারকে ‘রাষ্ট্রপতি শাসিত’ বলে রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন জনগণের কাছে তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

শুক্রবার সকালে কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রাক্কালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। বৃহস্পতিবার সচিবদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিন আহম্মেদের এ বক্তব্যে রাজনৈতিক মহলে যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছেন রাজনীতিকদের প্রতি। তিনি বলেন, “মানুষ রাজনীতিকে ভয় করুক, তা গ্রহণযোগ্য হতে পারে না।”

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তিনি রাজনৈতিক দলগুলোকে আরও ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের ৯০ দিন সময়ের মাত্র ১০ দিন পার হয়েছে। প্রধান উপদেষ্টা যে নিরপেক্ষ নন তা-ও এখনও প্রমাণিত হয়নি। সুতরাং রাজনৈতিক দলগুলোর কোনও সহিংস আন্দোলন ঘোষণা করা ঠিক হবে না।”

প্রধান উপদেষ্টার নিরপেক্ষতার ব্যাপারে তিনি আরও বলেন, “এটা যদি পুরোপুরি নিশ্চিত হওয়া যায় যে, তিনি নিরপেক্ষ নন, তাহলে তখন সবাই মিলে একটা সিদ্ধান্তে আসতে হবে।”

প্রসঙ্গত, ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কানাডার হ্যালিফেক্সে অনুষ্ঠেয় ক্ষুদ্রঋণ সম্মেলনে ২০০৬ এ ড. ইউনূস যোগ দেবেন। ওই সম্মেলনে ২০১৫ সালের জন্য নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।

ওয়াশিংটন থেকে সম্মেলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সম্মেলনে প্রায় দুই হাজার প্রতিনিধি যোগ দেবেন। দুটি লক্ষ্যমাত্রার দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা হবে এ সম্মেলনে। এগুলো হচ্ছে বিশ্বের সাড়ে ১৭ কোটি দরিদ্র মানুষকে ক্ষুদ্রঋণের আওতায় আনা এবং ১০ কোটি মানুষের দৈনিক আয় এক ডলার থেকে বাড়ানো, সেইসঙ্গে ৫০ কোটি মানুষকে চরম দারিদ্র থেকে তুলে আনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৭ সালে প্রচারণা শুরুর পর থেকে ২০০৫ সাল নাগাদ এর তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটেছে। সম্মেলনের উদ্যেক্তাদের ঘোষণা অনুযায়ী গত বছর ১১ কোটি ৩০ লাখেরও বেশি সদস্য ক্ষুদ্রঋণ নিয়ে তাদের ব্যবসা শুরু করেছে। এর মধ্যে আট কোটি ২০ লাখ মানুষই বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীর।