২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফাডাঙ্গায় সংঘর্ষে আহত ১৫, আধাবেলা হরতাল শনিবার

সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরকে বক্তৃতা দিতে ১৪ দলের নেতা-কর্মীদের বাধা দেয়ার জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন আলফাডাঙ্গা বাজারে শুক্রবার দপুরে। ৫ জনকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এদিকে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ১৪ দল আলফাডাঙ্গায় শনিবার আধাবেলা হরতাল ডেকেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’দলের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় শাহ জাফর আলফাডাঙ্গা থানায় আশ্রয় নেন। পরে তিনি পুলিশ প্রহরায় বোয়ালমারী ফিরে আসেন। এ ঘটনার প্রতিবাদে বিকেলে উপজেলা বিএনপি বোয়ালমারী বাসস্ট্যাণ্ডে সমাবেশ করে ।

সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর অভিযোগ করেন, গাড়িতে করে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আলফাডাঙ্গা বাজারে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তার গাড়িতে হামলা চালায়। নেতাকর্মীদের দুটি মটর সাইকেলও ছিনিয়ে নেয় তারা।

এদিকে ১৪ দল অভিযোগ করেছে, বিনা উস্কানিতে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এর প্রতিবাদে তারা আলফাডাঙ্গা বাজারে বিক্ষোভ সমাবেশ করে। এই সমাবেশ থেকেই আধাবেলা হরতালের ঘোষনা দেয়া হয়। দাবি জানানো হয় আলফাডাঙ্গা থানার এস আই নেছার আহমেদকে প্রত্যাহার করারও ।

সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই মামলা করেনি।