২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবেন্দ্র লারমাকে ইতিহাসই মনে রাখবে: সন্তু

জুম্ম (পাহাড়ি) জাতীয়তাবাদের অগ্রদূত মানবেন্দ্র নারায়ণ (এমএন) লারমার অবদান মুছে যেতে পারে না। ইতিহাসই তাঁকে মনে রাখবে। তাঁর প্রগতিশীল আন্দোলনের ধারাবাহিকতায় সরকার শান্তিচুক্তি করতে বাধ্য হয়েছে; তবে নানা কারণে এই চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এমএন লারমার ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা এ কথা বলেন। আদিবাসী ফোরাম ও আদিবাসী অধিকার আন্দোলন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

সাবেক গেরিলা গ্রুপ শান্তিবাহিনীর এক সময়ের সহকর্মী ও এমএন লারমার অনুজ সন্তু লারমা পাহাড়ি নেতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন।

তিনি বলেন, এমএন লারমাকে ঘিরেই পাহাড়ে নতুন জীবন খোঁজার বাস্তব ভিত্তি তৈরি হয়। দেশে বর্তমান নেতৃত্বের যে সঙ্কট চলছে, তাকে অনুসরণ করলে তা অনেকটাই দূর হতো। তিনি আরো বেেলন, এমএন লারমা বেঁচে থাকলে আদিবাসী পাহাড়িদের ইতিহাস হয়তো নতুনভাবে লিখতে হতো।

আলোচনা সভায় সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেন, শোষক সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন আদিবাসীদের ভাগ্যের পরিবর্তন হবে না। আর এখন কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং বিগত সরকারের অবশিষ্টাংশই ক্ষমতাসীন রয়েছে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, নয় বছরে কোনো সরকারই শান্তি চুক্তির বাস্তবায়ন করেনি। উপরন্তু সংবিধান ও আইনের সঙ্গে শান্তি চুক্তিকে একটি সংঘাতপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে।

জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু বলেন, সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না দিয়ে যে ঐতিহাসিক ভুল করা হয়েছিল, এখন সময় এসেছে এই ভুলের সংশোধন করার।

এতে অন্যান্যের মধ্যে গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক অজয় রায়, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, রবীন্দ্রনাথ সরেণ, সাংবাদিক গোলাম মুর্তজা বক্তব্য রাখেন।