প্রধান উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর করুন: রাষ্ট্রপতির প্রতি আইনজীবীরা
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) শনিবার অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর এবং সংবিধান অনুযায়ী একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে।
সমিতির দক্ষিণ হলে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি এম আমির-উল-ইসলাম।
তিনি বলেন, “রাষ্ট্রপতি নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়েছেন এবং প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছেন। তিনি সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের অদৃশ্য নির্দেশে কাজ করছেন।”
সমিতির সভাপতি অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের পদত্যাগের দাবি জানিয়ে বলেন, “তারা সংবিধান লঙ্ঘন করেছেন এবং আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়েছেন। তারা সরকারের রাজস্ব খাতের ৬১ কোটি টাকাও অপচয় করেছেন।”
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক এএম আমিনুদ্দিন, সাবেক সভাপতি মো. ওজায়ের ফারুক, মাহবুবে আলম এবং বার কাউন্সিলের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন উপস্থিত ছিলেন।
গণতন্ত্র ও সংবিধান সমুন্নত এবং সাবেক জোট সরকারের নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা নস্যাৎ করতে সমিতি আইনজীবী, পেশাজীবী এবং সাধারণ জনগণের প্রতি জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের উপেক্ষা করে রাষ্ট্রপতি সচিবদের সাথে বৈঠককালে রাষ্ট্রপতি শাসিত সরকার সম্পর্কে যা বলেছেন তা অসাংবিধানিক।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি একাই গুরুত্বপূর্ণ ১২ টি মন্ত্রণালয় নিজ হাতে রাখার মাধ্যমে রাষ্ট্রের সব ক্ষমতা করায়ত্ত করে রেখেছেন, যা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নীতির পরপন্থি।
