পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত ১
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন পাটগ্রামের বুড়িমারির মুগলিবাড়ি সীমান্তে বৃহস্পতিবার গভীর রাতে।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিআর জানায়, জলপাইগুড়ির চ্যাংলাবান্দা বিএসএফ ক্যাম্পের একটি টহল দল ৮৪২ নং মেইন পিলারের কাছে পরপর পাঁচ রাউন্ড গুলি চালায়। গুলির আঘাতে এক ব্যক্তি কাঁটাতারের বেড়ার ওপর আছড়ে পড়ে। মারও যান তিনি বেড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায়।
বিডিআর এ ঘটনার প্রতিবাদ জানালে বিএসএফ জবাব দেয়, একদল লোক ৮৪২ নং পিলারের পাশ দিয়ে বাংলাদেশে ঢোকার সময় তারা তাদের আটকানোর চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হওয়ায় গুলি চালানো ছাড়া তাদের কোন উপায় ছিল ন।
শুক্রবার সকালে বিএসএফ ও বিডিআর যৌথভাবে লাশ উদ্ধার করে উভয় দেশের সীমান্তবাসীদের দেখালেও কেউ তার পরিচয় জানাতে পারেননি। পরে লাশ বিএসএফ এর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
১৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মকবুল কাদের ঘটনার কথা স্বীকার করেছেন।
