২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবজাতকদের জন্য নারকীয় অভ্যর্থনা

এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার জন্য নবজাতকদের কাছে দৃঢ় অঙ্গীকার করেছিলেন কিশোর কবি সুকান্ত। তার অনেক দিন পরও আমাদের পৃথিবীর জঞ্জাল রয়ে গেছে আগের মতোই। দেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেলে নবজাতকদের ওয়ার্ড ঘুরে এসে জানাচ্ছেন রুবী আহমেদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 02:25 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

১৫ দিন ধরে ঢাকায় আছি। ছেলের জন্ম হয়েছে আজ ছয়দিন। জরায়ুতে সংক্রমণের জন্য এখনও ছাড়া পাচ্ছি না। একে তো জায়গার অভাব তার ওপর প্রতিদিন খরচ হয় অনেক টাকা।’ সদ্য মা হওয়া নাসিমা জানালেন। নাসিমার ননদ আনজু বলেন, ‘এখানকার চারপাশের পরিবেশ এত নোংরা এবং অপরিচ্ছন্ন যে নবজাতককে নিয়ে আর থাকতে মন চাইছে না।’

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নাসিমা আক্তার প্রায় ১৫ দিন আগে ঢাকায় এসেছেন সন্তান প্রসবের জন্য। ছয়দিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম সন্তানের মা হয়েছেন নাসিমা।

একটি শিশু জন্মের পর তার চারপাশে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও ধাত্রী বিদ্যা বিভাগে দেখা গেছে ঠিক এর বিপরীত চিত্র।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১৫/১৬/১৭/১৮ প্রসূতি ও ধাত্রী বিদ্যা বিভাগের চারটি ওয়ার্ডের সরেজমিন ঘুরে দেখা গেছে ‘অপারেটিং থিয়েটার’ থেকে নিয়ে এসে ওয়ার্ডের যে নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে সদ্যজাত শিশুকে ফেলে রাখা হয় তা একটি শিশুর জন্য অনুকুল পরিবেশ নয়।

৩০ টি করে শয্যা থাকার কথা থাকলেও বাড়তি রোগীদের চাপে চার ওয়ার্ডের প্রতিটিতেই ১৫টি করে শয্যা বাড়ানো হয়েছে। তাতেও কুলোচ্ছে না বলে প্রতি শয্যায় দুই জন করে রোগী থাকছেন। তবে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেল ১৫ নম্বর ওয়ার্ডে। এখানে প্রায় ৫০ টি বেডে প্রসূতি মা তার নবজাতক শিশু এবং আত্মীয়রা ঠাসাঠাসি করে আছেন। ধারণ ক্ষমতার অধিক বেড রাখায় মাঝখানে হাঁটার জায়গাটুকুও অবশিষ্ট নেই।

রংপুর থেকে আসা আমেনা বেগম জানালেন, তার জরায়ুতে টিউমার হয়েছে। অপারেশন করতে হবে। সপ্তাহ পার হয়ে গেলেও এখনও অপারেশনের সিরিয়াল পাননি তিনি।

তেজগাঁও এর লাকি দুদিন আগে মৃত বাচ্চা প্রসব করেছেন। শয্যার অভাবে তাকে রাখা হয়েছে ১৭ নম্বর ওয়ার্ডের বারান্দায়। যেখানে ঘরের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে নির্গত গরম বাতাসে টিকে থাকা দুঃসাধ্য। বারান্দায় অন্য মায়েরাও আছেন সদ্যোজাত শিশুসহ।

দোতলার ১৭ নম্বর ওয়ার্ডের রোগীরা অভিযোগ করেন, এই ওয়ার্ডে একটি মাত্র টয়লেট আর বারন্দায় অনেক রোগীরা শুয়ে থাকায় অনেকটা পথ ঘুরে যেতে হয়। একজন গর্ভবর্তী মায়ের জন্য এটা অনেক সমস্যা।

বকশি বাজারের আরজু বলেন, ‘আমি দ্বিতীয় সন্তানের মা হয়েছি। অপারেশনের সময় আমাদের প্রয়োজনের অতিরিক্ত গ্লাভস, অষুধ, ইনজেকশন এবং স্যালাইন কিনতে হয়েছে। স্বাভাবিক প্রসবে এত জিনিস লাগার কথা নয়। বাড়তিগুলো আর ফেরত পাইনি।’

দোতলায় ১৭ নম্বর ওয়ার্ডের পাশে দুইটি ‘অপারেটিং থিয়েটার’। এই দুটিতেই ভাগ করে স্বাভাবিক প্রসব এবং সিজারিয়ান অপারেশন করা হয়। এ প্রতিবেদক ‘অপারেটিং থিয়েটার’ এর সামনে আধা ঘন্টার ৩০ বেশি দাঁড়িয়ে থেকে দেখলেন যে, এর একটির দরজাও বন্ধ রাখা হয় না। অনেকেই এপথ দিয়ে যাওয়ার সময় থিয়েটারের ভিতরটা উঁকি মেরে দেখার চেষ্টা করেন। সিজারিয়ান অপারেশন চলাকালে এই প্রতিবেদকের সামনেই মৃত একটি শিশুকে খোলা ট্রেতে করে বাইরে অপেক্ষমাণ তার আতীœয়ের কাছে দেওয়া হলো।

নাম প্রকাশ না করার শর্তে একজন ডিউটি ডাক্তার জানান, ‘চরম অব্যবস্থাপনা এবং নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ শুধু এই বিভাগে নয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বত্রই এরকম।’

সবচেয়ে বড় কথা এখানে ২৪ ঘন্টায় গড়ে ১৫ টি সিজারিয়ান অপারেশন করা হয়। তাই বেশির ভাগ সময়ই সময় অনেক নিয়ম কানুন মেনে চলা সম্ভব হয়না। এখানে সবসময়েই ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী আসেন। তাদেরকে তো আর ফেলে দেওয়া যায় না। বাধ্য হয়েই তখন অতিরিক্ত বেড দিয়ে কিংবা বারান্দায় বিছানা ফেলে তাদের ভর্তি করতে হয়। মাঝে মাঝে এমন হয় অপারেশনের পর পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে প্রসূতি মায়ের নানান ধরনের ইনফেকশন দেখা দেয়। তখন তাদের অনেক দিন থাকতে হয়। প্রয়োজনের অধিক ওষুধ কেনা হয় এ প্রসঙ্গে তিনি বলেন, মাঝে মাঝে এরকম হয় এটা সত্যি কিন্তু এগুলো আমরা ফেরত দিই। তবে অনেক সময় ডিউটিরত আয়ারা এগুলো তাদের টিপস হিসেবে নিয়ে বিক্রি করে।