বাংলাদেশের গণতন্ত্র এখন সবচেয়ে নাজুক
এমনিতে খুব আদর্শ অবস্থায় না থাকলেও বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখন সবচেয়ে নাজুক সময় পার করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোট সরকারের পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেছে গত ২৭ অক্টোবর। অকার্যকর সংসদ বিলুপ্ত করে জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পরিচালনায় অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নিজের হাতেই তুলে নিয়েছেন দলীয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। কিন্তু পরবর্তী সরকার নির্বাচনে নয় কোটিরও বেশি ভোটারের অংশগ্রহণ এখনও অনেকটাই অনিশ্চিত।
(লন্ডন থেকে প্রকাশিত পাক্ষিক দি ইকনোমিস্ট পত্রিকায় এ নিবন্ধটি প্রকাশিত হয় ২ নভেম্বর ২০০৬। )
একসময়ের রাষ্ট্রের নামসর্বস্ব প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদ এখন রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এমনকি নিজের উপদেষ্টা। আপাতদৃষ্টিতে ক্ষমতার এতোগুলো দিক নিজের অধীনে রাখা একদিকে যেমন অসাংবিধানিক তেমনি প্রবীণ এ রাষ্ট্রপতির দুর্বল স্বাস্থ্য দেশব্যাপী অস্থিতিশীলতার উপাদান হিসেবে কাজ করছে। এর মধ্যে বিচার ব্যবস্থার সর্বোচ্চ রাজনীতিকরণ হয়েছে বলে কোনো আইনি চ্যালেঞ্জ পাত্তা পাবে না। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে আছেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া লোকজন।
ঢাকায় এখন রাজনীতিবিদ, শিক্ষক এবং সাংবাদিক সবাই যে জিনিসটি হাতের কাছে রাখছেন তাহলো সংবিধান। কিন্তু যেকোনো সময়ই এ বইটি গুরুত্ব হারাতে পারে। এমনিতে ১৯৭১ সালের স্বাধীনতার পর দেশটি দীর্ঘ সময় সামরিক একনায়কতন্ত্রের মধ্য দিয়ে গেছে।
এরকমই একটি সেনা অভ্যুত্থানের সম্ভাবনা তৈরি হয়েছিল ২৯ অক্টোবর। সেসময়ের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ছোট বড় সংঘর্ষে অন্ততঃ দুই ডজন লোক মারা গেছে-যার মধ্যে কয়েকটি ঠাণ্ডা মাথার খুন, আহত হয়েছে কয়েকশত। বিএনপির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে বিচারপতি কে এম হাসানের বিরোধীতা করে আসছিল। পরে অবশ্য বিচারপতি হাসান ওই পদ নিতে অস্বীকৃতি জানান।
সেসময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রশাসন দেশে জরুরি অবস্থা জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার খসড়া লিখে রেখেছিল বলে সূত্র জানায়। কিন্তু সেনাবাহিনীর মধ্যে ছিল দলীয় আদর্শগত দ্বিধা-বিভক্তি এবং নিজেদের সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা (এ সুনামের কারণেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আকর্ষণীয় অবদান রাখা সেনাবাহিনীর পক্ষে সহজ হয়েছে)। এ কারণে সেনাবাহিনী এসব বিষয়ে মাথা ঘামাতে রাজি হয়নি এবং ২৯ অক্টোবর রাতে খালেদা জিয়া, সামরিক কর্মকতা এবং বিদেশী ক’টনীতিবিদদের উপস্থিতিতে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠান আওয়ামী লীগ বর্জন করায় আরো সহিংসতার সম্ভাবনা দেখা দেয়।
সেনা অভ্যুত্থানের সম্ভাবনা বিবেচনা করে আওয়ামী লীগ তার সব কর্মসূচি স্থগিত করে। একবারের জন্য হলেও বাস্তব বুদ্ধির জয় হয়। ১৯৭৫ সালের সেনা অভ্যুত্থানে পিতা শেখ মুজিবুর রহমানসহ হাসিনা নিজ পরিবারের ১৬ জন সদস্য হারান। এছাড়াও ওই সময়ের সহিংসতার কারণে আওয়ামী লীগের বেশ সমালাচনা হচ্ছিল। নিজেদের উজ্জ্বল সম্ভাবনা দেখতে পেয়ে নির্বাচনে যাওয়ার জন্য অধীর আগ্রহী হয়ে উঠে। ১৯৯১ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়া পর প্রতিবারই সর্বশেষ ক্ষমতায় থাকা দলের বিপরীতে অবস্থান নিয়েছে ভোটাররা।
কিন্তু এই শান্তি হতে পারে একেবারেই ক্ষণস্থায়ী। আওয়ামী লীগ নিরপেক্ষতা প্রমাণের জন্য রাষ্ট্রপতিকে ৩ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। দলটির দাবির মধ্যে আছে নির্বাচন কমিশনের পুনর্গঠন, সংশোধিত ভোটার তালিকা প্রণয়ন এবং পুলিশ ও প্রশাসনে ব্যাপক রদবদল। ১ নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত সরকার পরিচালনা করতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের বেছে নিয়েছেন, এ সম্পর্কে বড় কোনো আপত্তি জানায়নি আওয়ামী লীগ। প্রশাসনের শীর্ষ পর্যায়ে এবং হননপ্রিয় ও বিতর্কিত আধা-সামরিক বাহিনীর প্রধান পদে রদবদল ঘটানোর ফলে লীগ আরো শান্ত হয়ে যায়। কিন্তু দলটির মনে এখনো ভয় যে, নির্বাচন কমিশন পুনর্গঠন না করা হলে বিএনপি নির্বাচনকে প্রভাবিত করতে পারবে।
আওয়ামী লীগের সম্ভাবনা আরেকটু বাড়িয়ে দিয়েছে বিএনপির মধ্যে বিভক্তি। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী এবং বিএনপির সাবেক শীর্ষনেতা অলি আহমেদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আত্মপ্রকাশ করেছে। ঢাকার একজন রাজনৈতিক ভাষ্যকার হোসেন জিল্লুর রহমানের মতে নতুন এই দলের পক্ষে বড় দুই রাজনৈতিক দলের প্রতি বড় কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারার কথা নয়। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এলডিপি বড় ভূমিকা রাখতে পারে।
এলডিপি বলছে তারা ভিন্নধারার রাজনীতি করতে চায়। কিন্তু এ দলটিও জন্মই হয়েছে মূলত দলের প্রতিষ্ঠাতা সদস্যদের বিশেষ করে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধস্পৃহা থেকে। অনেকের মতে তারেকের নেতৃত্বে দলের এই তরুণ অংশটিই গত কয়েক বছর ধরে প্রকৃতপক্ষে দেশ চালাচ্ছে। এবং এদের কারণেই দুর্নীতির জন্য বিশ্বব্যাপী সমালোচিত হচ্ছে বাংলাদেশ। এর জন্য অবশ্য এলডিপিকে ভালেঅই মূল্য দিত হয়েছে। নতুন দল হিসেবে আত্মপ্রকাশের পর অন্ততঃ চারজন এলডিপি নেতার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়।
বাংলাদেশের মূলধারার দূষিত রাজনীতি দেশের প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যেই দুর্বল করে সুষ্ঠু নির্বাচনকে দুরূহ করে তুলেছে। গণতন্ত্র রক্ষায় এবং দুই দলের ‘বিজয়ীদের জন্যই সব’ মানসিকতা থেকে দেশকে বাঁচাতে ১৯৯৬ সাল থেকে এদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়। এখন ওই ব্যবস্থাই গণতন্ত্রের জন্য হুমকি হয় দাঁড়িয়েছে।
গত কয়েক বছরে দেশটিতে সহিংস ইসলামী মৌলবাদের বিস্তার নিয়ে আন্তর্জাতিক অঙ্গণে আলোচনা হলেও দেশটি এখনো সহনশীল এবং ‘মডারেট’ মুসলমান দেশ। গত কয়েক বছরের কর্মকাণ্ড ধর্মনিরপেক্ষ রাজনৈতিক পরিস্থিতি ভেঙ্গে পড়ার ভয় ধরিয়ে দিয়েছে; পরিস্থিতি এখন এমন যে যেকোনো সময় একটি বড় ধরনের অচলাস্থা অথবা একটি সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে যা মৌলবাদীদের উৎসবে মেতে উঠার সুযোগ করে দিতে পারে।
