সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ৩০ জনের চুক্তি বাতিল
সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ৩০ জনের চুক্তি বাতিল করা হয়েছে রোববার রাতে। সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব আ ফ ম সোলায়মান চৌধুরী সাংবাদিকদের একথা জানান।
এদের মধ্যে সচিব পদমর্যাদার তিন কর্মকর্তা হলেন, দুর্নীতি দমন কমিশনের সচিব আব্দুল আলীম খান, বিসিআইসির চেয়ারম্যান (অব.) মেজর জেনারেল ইমামুজ্জামান ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার হায়দার চৌধুরী।
বাকি ৩০ জন হলেন, ফরেন সার্ভিস একাডেমির অধ্যক্ষ জামিল মজিদ, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান ড. রিয়াজ হাসান খন্দকার, ডেসার চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল বাকী চৌধুরী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মোখলেসুর রহমান, বিআরটিসির চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক আহমদ নজির, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মাহমুদুল হক, ঔষধ প্রশাসন পরিদপ্তরের পরিচালক ড. হাবিবুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. এম শাহাদাত হোসাইন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক ড. এম মহিউল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এসএম ওয়ালিউর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মহাপরিচালক প্রকৌশলী ইমদাদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্বে) ইব্রাহীম খলিল, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পবিস ও প্রশিক্ষণ) মো. আনোয়ারুল কবীর চৌধুরী, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ড. এম আসাদুজ্জামান, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এম নজরুল ইসলাম, বাংলাদেশ গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. আব্দুল হাই সিদ্দিক, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁও এর পরিচালক শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিসি এর পরিচালক (অর্থ) মোহাম্মদ আব্দুল ওহাব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (বিপণন) আ ফ ম ইসহাক, বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদের পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া, ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (জরিপ) মোহাম্মদ আব্দুল কাদের, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম চৌধুরী এবং বিআইডব্লিউটিসি এর পরিচালক (বাণিজ্য) এসএম আইনুল করিম।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা-২ ড. খাদিজা আলম এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান শামসুর রহমান শিমুল বিশ্বাসকে তাদের আবেদনের প্রেক্ষিতে চুক্তি বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে সংস্থাপন সচিব আ ফ ম সোলায়মান চৌধুরী বলেছেন, এরপর মাঠ প্রশাসনে শীগগিরই হাত দেওয়া হবে। জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য ৬৯ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তার একটি প্রাথমিক তালিকা করা হয়েছে।
এ ছাড়া ১০০ জন ওএসডি কর্মকর্তার সাক্ষাতকার নেওয়া হয়েছে। তাদের নিয়ে আরেকটি তালিকা তৈরি করা হয়েছে। মাঠ পর্যায়ের বেশ কিছু কর্মকর্তাকেও ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে এবং আগামীতে আরো করা হবে বলে তিনি জানান।
