কমলাপুর আইসিডিতে ২ কোটি টাকার যন্ত্রাংশ আটক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বৃহষ্পতিবার বিশেষ অভিযান চালিয়ে কমলাপুর আন্তর্জাতিক কন্টেইনার ডিপো (আইসিডি) থেকে প্রায় দুই কোটি টাকার কর ফাঁকি দেয়া ও আমদানি নিষিদ্ধ যন্ত্রাংশ আটক করেছে।
‘মেসার্স বিশ্বাস সিন্ডিকেট’ ৮৯, পূর্ব তেজতুরি বাজার, ঢাকা-এই ভুয়া ঠিকানায় মালামাল আমদানি করা হয়। তাই মালামালের মালিককে খুঁজে পাওয়া যায়নি। ফলে আটকও করা সম্ভব হয়নি কাউকে।
আইসিডি ও দুদক কর্মকর্তারা বলেছেন, আটক মালামালের মধ্যে রয়েছে পুরোন ইঞ্জিন, গাড়ির যন্ত্রাংশ, রেডিয়েটর, ডায়নামো ও ফ্রিজসহ বিভিন্ন ধরণের যন্ত্রাংশ। দুদক-এর উপ-পরিচালক মোবারা খানম এবং সহকারি পরিচালক নূরুল আলমের নেতৃত্বে একটি দল দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযান শুরু করে। তারা বলেন, ঈদের সময় এগুলো ঢাকায় আনা হয়।
সহকারি পরিচালক নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, আইন অনুযায়ী পুরোন যন্ত্রাংশ আমদানি করা নিষিদ্ধ। তাছাড়া ওই কোম্পানিটি সাড়ে ১০ হাজার ডলার বা সাতকোটি টাকার এলসি দেখিয়ে শুধু ইঞ্চিনের পরিবর্তে দেড়কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মালামাল আমদানি করেছে।
তিনি বলেন, বিশেষ সিন্ডিকেট প্রতিনিয়ত ভূয়া নামে এবং ফাঁকি দিয়ে মালামাল আমদানি করে আসছে।
এর আগে গত ১৩ আগষ্ট দুদক সাড়ে পাঁচ কোটি টাকার ওয়াকম্যান ও হাত ঘড়ির যন্ত্রাংশ এবং ৩ আগষ্ট সাড়ে পাঁচ কোটি টাকার সিগারেট আটক করে।
