২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে সংহতি দিবস পালনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের চিঠি!

পঞ্চগড়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

গত ৩০ অক্টোবর জেলা প্রশাসক আজাহার আলীর পক্ষে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে দিবসটি উদযাপনের জন্য ৫ নভেম্বর সকাল ১১ টায় জরুরি সভার কথা বলা হয়। এ ছাড়া সভায় যথাসময়ে সবাইকে উপস্থিত থাকারও অনুরোধ জানানো হয়।

এনডিসির স্বাক্ষরিত ‘সভার নোটিশ’ শিরোনামে ওই চিঠিটি ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধান এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জেলা প্রশাসক এটা করতে পারেন না। এ চিঠিই প্রমাণ করে পঞ্চগড়সহ অনেক জেলাতে এখনও চারদলীয় জোট সমর্থিত কর্মকর্তারা বহাল তবিয়তে আছেন।

তবে জেলা প্রশাসক মো. আজাহার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, এ বিষয়ে ২৫ অক্টোবর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে সভাসহ সকল কার্যক্রম বাতিল করা হয়েছে।