২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ৩ চোরাচালানকারী নিহত

সাতক্ষীরা সীমান্তে বৃহস্পতিবার ভোররাতে বিএসএফের গুলিতে তিন ভারতীয় চোরাচালানকারী নিহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বিডিআর এ ঘটনা স্বীকার করলেও কয়জন মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি।

এলাকাবাসী জানান, কলারোয়ার চান্দুরিয়ার গোয়ালপাড়ার বিপরীতে ভারতের গোবরা এলাকায় ভোররাতে বিএসএফ বাংলাদেশমুখী একদল গরু চোরাচালানকারীকে লক্ষ্য করে কমপক্ষে ২০ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তিন ভারতীয় চোরাচালানকারী মারা যায়। এদের একজনের নাম সফিকুল (১৭) বলে জানা গেছে। তার বাড়ি উত্তর ২৪ পরগণার স্বরুপনগর থানার কুলতা গ্রামে।

নিহতদের লাশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৪০০-৫০০ গজ দূূরে ভারতের কালাঞ্চি এলাকায় সীমান্তের মেইন পিলার ১৭ সাবপিলার ৩ এর কাছে পড়ে ছিল বলে এলাকাবাসী জানান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিডিআরের ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক হুমায়ুন কবীর জানান, গুলিবর্ষণ ও ভারতীয়দের গুলিবিদ্ধ হওয়ার কথা তিনি শুনেছেন। তবে কয়জন মারা গেছে সে তথ্য তার কাছে নেই।

তিনি আরও বলেন, ঘটনাটি ঘটেছে ভারতের পাড়ে। সুতরাং এ ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কিছু বলতে পারি না।