২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সাংবাদিককে হত্যার হুমকি

দৈনিক জনতার যশোর প্রতিনিধি এবং সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শেখ দিনু আহমেদকে বুধবার যশোর শিক্ষা বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নামে হত্যার হুমকি দিয়ে চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 05:49 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

কুরিয়ার সার্ভিসের (চিঠি নম্বর-৬৩৬/২৬০৪৭০) মাধ্যমে গত ৩১ অক্টোবর প্রেসক্লাব যশোরের ঠিকানায় পাঠানো চিঠিতে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং তাদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের কারণে কয়েকদিনের মধ্যে হত্যা করা হবে বলে শাসানো হয়েছে।

টাইপ রাইটারে লেখা চিঠিতে প্রেরকের ঠিকানায় শরীফ আবদুল্লাহ হেল মুকিত, মাকসুদুল হাবিব বাপ্পু, মজিবুল ও পান্নার নাম রয়েছে। এরা প্রত্যেকে যশোর শিক্ষা বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারি বলে জানা গেছে। এদের মধ্যে শরীফ আবদুল্লাহ হেল মুকিত দুর্নীতির দায়ে বহিষ্কৃত।

প্রসঙ্গত দৈনিক জনতায় বেশ কয়েক দফা যশোর শিক্ষা বোর্ডের নানা দুর্নীতি বিষয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক শেখ দিনু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।