২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাসহ সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে জামায়াতের মামলা

নগরীর পল্টনে জামায়াত ও ১৪ দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাসহ সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

এছাড়া ১৪ দলের অবরোধকে কেন্দ্র করে পুলিশ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে ৪৮৩ জনকে।

আদালত সূত্র জানায়, পল্টন থানা জামায়াতে ইসলামীর আমীর এটিএম সিরাজুল হক রোববার আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, তোফায়েল আহমেদ, মোহাম্মাদ নাসিম, আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাসদ নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, হাজী সেলিম ও ডা. ইকবালসহ ৪০ জন এবং অজ্ঞাতনামা আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামী করা হয়। 

মামলার এজাহারে বলা হয়, ১৪ দলের শীর্ষ এই নেতাদের নির্দেশে অপর আসামীরা অস্ত্র -- শস্ত্র নিয়ে পল্টন মোড়ে জামায়াতের জনসভায় হামলা চালায়। এতে দলের কর্মী আহসান হাবীব, আবু বকর সিদ্দিক, কামাল হোসেন, আবদুল্লাহ আল এহসান, মোঃ ইউনুস, মোঃ মমিনসহ পাঁচ শতাধিক ব্যক্তি গুরুতর আহত হন।

এছাড়া আসামিদের গুলিতে মোজাহিদুল ইসলাম, জসীম উদ্দিন, গোলাম কিবরিয়া শিপন, ফয়সাল, হাবিবুর রহমান, মনির হোসেন মারা যায়।

এদিকে অবরোধকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত ৪৮৩ জনকে সোমবার ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে  তাদের অধিকাংশকে পাঠানো হয় জেল হাজতে।