২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান দায়িত্ব নিলেই দেশ অচল করে দেবে আ. লীগ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে কে এম হাসান দায়িত্ব নেওয়ার পরই দেশ অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 12:26 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

জোট সরকারের শেষ দিন শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে থানা পর্যায়ের কর্মীসভায় এ ঘোষণা আবারও দেওয়া হয়।

শুক্রবার রাতেই প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল কর্মীদের উদ্দেশ্যে শনিবার লগি ও বৈঠা নিয়ে পল্টন ময়দানের দখল নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আমীর হোসেন আমুর সভাপতিত্বে এ সভায় আবদুল জলিল আরো বলেন, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই সবাই রাস্তায় নেমে আসবে এবং জোট সরকারের বিরুদ্ধে শ্লোগান দেবে।

প্রধান উপদেষ্টার দায়িত্ব না নেওয়ার জন্য বিচারপতি কে এম হাসানকে আবারও অনুরোধ করেছে আওয়ামী রীগ।

ওই কর্মীসভায় কে এম হাসান দায়িত্ব নিলেই যেন, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুর ও খুলনা বিচ্ছিন্ন করে সারা দেশকে অচল করে দিতে ১৪ দলের নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। 

জলিল আবারো বলেন যে, মিছিল, সমাবেশ নিষিদ্ধ করে দেওয়া পুলিশের নির্দেশ মানা হবে না।

এদিকে বুধবার রাতেই এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) রাজধানীতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও অবরোধ কর্মসূচি নিষিদ্ধ করেছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় লগি, বৈঠা, বিষ্ফোরক ও অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।