গাজীপুরে অপহৃত কিশোরকে ৩ দিন পর উদ্ধার
গাজীপুর জেলা থেকে অপহৃত কিশোর শহিদুলকে র্যাব সদস্যরা তিনদিন পর সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
র্যাব--১২ সূত্র জানায়, গাজীপুরের চৌরাস্তা থেকে বৃহস্পতিবার দুপুরে শহিদুলকে অপহরণ করা হয়। তাকে দুদিন ঢাকায় রেখে পাবনা হয়ে রোববার রাতে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নিভৃত পল্লী পাইকোশা গ্রামে নিয়ে আটকে রাখা হয়।
র্যাব আরো জানায়, সেখান থেকে অপহরণকারীরা মোবাইল ফোনে শহিদুলের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয় তারা।
র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে অপহৃত শহিদুলকে উদ্ধার এবং অপহরণকারি দলের সদস্য রুবেলকে আটক করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
অপহৃত শহিদুল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালিগাতী গ্রামের রোকা মোল্লার ছেলে।
