২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় স্ত্রীকে ঘরে না তোলায় স্বামীর বাড়িতে হামলা

দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলে না নেয়ায় শনিবার সন্ধ্যায় ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি গ্রামে স্ত্রীর এলাকার লোকজন স্বামীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে। হামলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধুসহ তিনজন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এলাকাবাসী জানান, সাতমাস আগে শুকুর মাতব্বর (৬৫) স্থানীয় কাশিমাবাদ গ্রামের আছিরনকে (৫০) বিয়ে করেন। প্রথম স্ত্রী ও সন্তানদের বাধার কারণে তিনি দ্বিতীয় স্ত্রী আছিরনকে ঘরে তুলে নিতে না পারলেও তাকে ভরণ--পোষণ দিয়ে আসছিলেন।

এতে ক্ষুব্ধ হয়ে আছিরন এক সপ্তাহ আগে শুকুর ও তার ছেলে আনোয়ারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দায়ের করেন।

শনিবার সন্ধ্যায় আছিরন কাশিমাবাদের দুই শতাধিক লোকসহ ধারালো অস্ত্র, ঢাল, বল্লম নিয়ে শুকুরের বাড়িতে হামলা করে।

শুকুর মাতব্বর অভিযোগ করেন, এ সময় হামলাকারীরা তার বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে ঘরে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা তার মেয়েকেও পিটিয়ে আহত করে।

এছাড়াও হামলাকারীরা প্রতিবেশী মহব্বত আলী সরকার ও বেলাল সরকারের বাড়িতেও হামলা ও ভাংচুর করে। এতে অন্তঃসত্ত্বা নীলুফা ও মমতাজ আহত হয়। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেলায়েত ফকিরের নেতৃত্বে এ হামলা হয়েছে।