ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায়
ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮ টায়।
তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত একই সময়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের পাশে পর্দা দিয়ে ঘিরে মহিলাদের জন্যও নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলে ডিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা সিটি কর্পোরেশন মুসল্লীদের সুবিধার জন্য ঈদগাহ ময়দানে ওজুর পানি সরবরাহ এবং ভ্রাম্যমান টয়লেট স্থাপনের ব্যবস্থা করেছে।
এছাড়া বিদেশী রাষ্ট্রদূত বা কূটনীতিবিদ এবং তাদের সহধর্মীনিদের নামাজ আদায়ের জন্যও আলাদা ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে এ বছর ঢাকা সিটি কর্পোরেশনের ব্যাবস্থাপনায় স্থানীয় সময়সূচী অনুযায়ী, মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ৪টি করে ৯০টি ওয়ার্ডে মোট ৩৬০টি মাঠ বা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠেও ডিসিসি ঈদের জামাত অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা সিটি কর্পোরেশন পরিচালিত শাহবাগ শহীদ জিয়া শিশু পার্ক ঈদের আগের দিন দুপুর ১১ টা থেকে সন্ধ্যা ৪ টা পর্যন্ত, ঈদের দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত, এবং ঈদের পরের ৪ দিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।
এছাড়া ২৯ অক্টোবর থেকে শিশু পার্ক খোলা ও বন্ধ রাখার ক্ষেত্রে শীতকালীন নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী প্রতি শনি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত সাড়ে ৭ টা, শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত, বুধবার দুপুর দেড়টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দুঃস্থ ও গরীব শিশুদের জন্য বিনা টিকেটে শিশু পার্কে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। তবে রবিবার যথারীতি বন্ধ থাকবে।
