২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় বিএনপি--আ.লীগ কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি

হাতিয়া উপজেলা সদরের উছখালী বাজারে বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপি--আওয়ামী লীগের পাল্টাপাল্টি লাঠি--মিছিলকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এ ঘটনায় বিকাল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দুপক্ষই লাঠিসোটা নিয়ে অবস্থান নেওয়ায় যেকোনো সময়ই বড় ধরনের সংঘর্ষের আশংকা করা হচ্ছে। বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপি লাঠি--মিছিল বের করে। এসময় মিছিল থেকে কিছু উচ্ছৃঙ্খল কর্মী স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বাসা ও অফিস ভাংচুর করে। এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ বৃহস্পতিবার সকাল ১১টায় লাঠি--মিছিলের কর্মসূচি ঘোষণা করে। এর পরপরই বিএনপিও একই সময়ে একই কর্মসূচি দেয়। বৃহস্পতিবার সকালে দুই দলেরই নেতাকর্মীরা লাঠি--মিছিল নিয়ে সমবেত হতে থাকলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়ে সভা--মিছিল নিষিদ্ধ করে শহরে মাইকিং করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল এবং দুপক্ষেরই নেতাকর্মীরা লাঠি--মিছিল নিয়ে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান নেওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে।