২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কারও হুমকি - ধামকিতে ভয় পায় না: মান্নান ভূঁইয়া

–বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, ‘আমরা চাই সকলের অংশগ্রহণে আগামীতে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। যেই জয়লাভ করবে আমরা তাদের সমর্থন জানাবো।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 04:41 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

তবে তিনি বিরোধী দলের হুমকির সমালোচনা করে বলেন, ‘আমরা পাল্টা হুমকি দিতে চাই না। বিএনরি কারো হুমকি-ধামকিতে ভয় পায় না। জনগণ আমাদের সঙ্গে আছে।’

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চার দলীয় জোট সরকারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

মান্নান ভুঁইয়া জোট সরকারের পাঁচ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে সরকারের ব্যাপক সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, সর্বক্ষেত্রে উন্নয়নই এই সরকারের কৃতিত্ব। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে জনগণ আবার বিএনপিকে ভোট দেবে বলে তিনি আশাবাদী।

দ্রব্যমূল্য বৃদ্ধির কথা স্বীকার করে মান্নান ভূঁইয়া বলেন, আন্তর্জাতিক বাজার মূল্য বৃদ্ধির কারণে কিছু জিনিসপত্রের দাম বেড়েছে। তবে জিনিসপত্রের দাম বাড়লেও বাজারে তা সহজলভ্য। আওয়ামী লীগের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে বাজারে তা পাওয়া যেতো না।’

তিনি জানান, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

দলের সহ - সভাপতি পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম বলেন, ‘আমরা চাই সংলাপ সফল হোক। বিএনপি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় না। গণতন্ত্রে বিশ্বাসী হলে নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় নিন।’

মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবদুস সালামের সভাপতিত্ব্ েআলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৃহায়ন মন্ত্রী মির্জা আব্বাস, সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বরকতউল্লাহ বুলু, শ্রম প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি প্রমুখ।