২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

কক্সবাজারের ছাত্রলীগ নেতা মোহাম্মদ নূর হত্যা মামলার রায়ে সাতজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাসান ইমাম। ১৪ আসামীর অপর সাতজন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের ২৫ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার শহরের টেকপাড়া এলাকা থেকে কক্সবাজার সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ নুরসহ চার ছাত্রলীগ কর্মিকে আসামীরা ধরে নিয়ে যায়। পার্শ্ববর্তী হাঙ্গরপাড়া এলাকায় নিয়ে আসামীরা তাদের রড, হাতুড়ি ও হকিস্টিক দিয়ে বেদম পেটায়। এসময় দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু মোহাম্মদ নুর ও আবদুল গফুর পিটুনিতে ঘটনাস্থলেই জ্ঞান হারায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে মোহাম্মদ নূরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর নিহত মোহাম্মদ নূরের পিতা হাজী আলী আহমদ বাদী হয়ে ১৪ জনকে আসামী করে কক্সবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় প্রদান করা হয়।

রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো মোহাম্মদ মিয়ার পুত্র জসিম উদ্দিন, গুরা আলীর পুত্র মোস্তাফিজুর রহমান, বাহাদুর, শাহেদ, জসিম উদ্দিন, আবদুর রহমান ওরফে মিসকিন ও গিয়াস।

এছাড়া অপর ৭ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।