রাজধানীর তাঁতমেলা নিয়ে যতো অনিয়ম
ঢাকাসহ বিভিন্ন স্থানে পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং তাঁত বোর্ডের নামে তাঁত বস্ত্র মেলা চলছে। আয়োজক নির্ধারণ ও স্টল বরাদ্দের জন্য দরপত্র আহ্বান ছাড়াই বেসরকারি আয়োজকরা এসব মেলার আয়োজন করছে। কিন্তু অর্জিত অর্থের কানাকড়িও সংশ্লিষ্ট হিসেবে জমা হচ্ছে না। মেলার আয় চিহ্নিত কয়েক ব্যক্তির পকেটে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
তাঁত বোর্ডের চেয়ারম্যান আকরাম হোসেন এর সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, মেলা আয়োজনে তাঁত বোর্ডের লোকজন কাজ করলেও বোর্ড অর্থায়ণ করে না। সাত সদস্যের একটি ‘স্ট্যান্ডিং কমিটি’ মেলার আয়োজন করে এবং এর আয় - ব্যয়ও তারাই দেখভাল করেন। তাই মেলার আয়ও বোর্ডে জমা হয় না।
তিনি আরো বলেন, মেলা আয়োজনের ক্ষেত্রে কোন নীতিমালা নেই। আগে বোর্ড নিজস্ব বাজেট থেকে মেলার আয়োজন করতো। কিন্তু মন্ত্রীর আগ্রহ ও বাজেট না থাকায় মেলার আয়োজন বেসরকারী আয়োজকদের হাতে ছেড়ে দেয়া হয়েছে। মন্ত্রীর তৈরি ‘স্ট্যান্ডিং কমিটি’ এর আয়োজন করে থাকে। বোর্ড শুধু অনুমোদন দেয়। আয়োজনের অভিজ্ঞতা ও সহায়ক সামগ্রী থাকায় ওই কমিটিই বারবার মেলা আয়োজনের সুযোগ পায়।
আকরাম হোসেন জানান, চলতি বছর তাঁত বোর্ডের ব্যবস্থাপনায় ঢাকাসহ সারাদেশে মোট ছয়টি মেলার আয়োজন করা হয়েছে। বর্তমানে ঢাকার আরামবাগ ও কেরানীগঞ্জে চারটি মেলা চলছে।
আয়োজকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত করে কোন সত্যতা পাওয়া যায়নি। আসলে মেলা আয়োজন করে তাদের কোন লাভ হয় না। যা লাভ হয় তা মেলায় নিজের স্টলে বিক্রির মাধ্যমে হয় বলে তিনি জানান।
মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা গেছে, আব্দুল গণি ও জব্বার চৌধুরীর নেতৃত্বাধীন ওই স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে ঢাকার আরামবাগ বালুর মাঠ এবং আগারগাঁও স্টাফ কোয়ার্টার মাঠসহ দেশের একাধিক স্থানে এ পর্যন্ত অন্তত ২২টি মেলার আয়োজন করা হয়েছে।
রাজধানীর আরামবাগ বালুর মাঠ ও কেরানীগঞ্জে কয়েকদিন আগে শুরু হয়েছে তাঁত বস্ত্র মেলা। একমাস আগে আগারগাঁও স্টাফ কোয়ার্টার মাঠে মাসব্যাপী তাঁত বস্ত্র মেলা শেষ হয়েছে। সম্প্রতি বগুড়ায়ও তাঁত বোর্ডের নামে আয়োজিত একটি মেলায় প্রায় ৬২ কোটি টাকা আয় হয় বলে মেলায় অংশগ্রহণকারীদের দেয়া তথ্যে জানা যায়। তবে তাঁত বোর্ডের হিসাবে ওই টাকার কোন অস্তিত্ব নেই।
মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী পুলক জানান, মেলার প্রতিটি স্টল বরাদ্দের জন্য ৩০ থেকে ৪০ হাজার টাকা করে তাদের কাছ থেকে আদায় করা হয়। অথচ এসব টাকা সরকারি কোষাগারে জমা পড়ছে না।
সূত্র জানায়, সরকারিভাবে মেলা আয়োজনের ক্ষেত্রে বিধি অনুযায়ী পত্রপত্রিকায় উন্মুক্ত দরপত্র আহ্বান করতে হয়। মেলার আয়োজন, অবকাঠামো নির্মাণ, অংশগ্রহণকারীদের কাছে অর্থ আদায়, এমনকি টয়লেট ও গাড়ি পার্কিং ব্যবস্থাসহ সবকিছু উন্মুক্ত দরপত্র কিংবা বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে করা হয়। এর সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা হয় এবং সরকারি বরাদ্দ থেকেই এসবের জন্য ব্যয় করা হয়ে থাকে। কিন্তু আরামবাগের মেলা আয়োজনের ক্ষেত্রে এর কোনটাই করা হয়নি।
আরও জানা গেছে, ২৬২ স্টলবিশিষ্ট ওই মেলায় প্রকৃত ও দরিদ্র তাঁতীদের কোন অংশগ্রহণ নেই। এতে অংশ নিয়েছেন ঢাকা, চট্টগ্রাম, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানের বড় বড় কাপড় ব্যবসায়ী ও টেক্সটাইল মিল মালিকরা।
মেলায় অংশ নেয়া প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে স্টল ও প্যাভিলিয়ন ভাড়া বাবদ প্রায় ৭৮ লাখ টাকা সংগ্রহ করা হয়। কিন্তু এর কোন অংশই সরকারি তহবিলে জমা পড়েনি।
এ ব্যাপারে বস্ত্র ও পাট মন্ত্রী শাহজাহান সিরাজের মন্তব্য জানার জন্য কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্ট্যান্ডিং কমিটির সাধারণ সম্পাদক জব্বার চৌধুরী জানান, মন্ত্রীর অনুমতি নিয়েই মেলা চলছে। অনিয়মের সব অভিযোগ তিনি অস্বীকার করেন।
