কাশিনাথপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২, পুলিশের লাঠিচার্জে আহত ২৫
ট্রাফিক সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সোমবার সন্ধ্যায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কের কাশিনাথপুরে ট্রাকের চাপায় এক শিশুসহ দুই জন নিহত হয়েছে।
এদিকে উত্তেজিত জনতা চাঁদাবাজির উদ্দেশ্যে ট্রাকটি থামাতে বলেছিল বলে ট্রাফিককে গণধোলাই দেয়। এ ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা পাবনা-নগরবাড়ি ও পাবনা-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে আরও ২৫জন আহত হয় ।
ঘটনার পর থেকে পাবনা-ঢাকা ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরবাড়ি-বগুড়া মহাসড়কের কাশিনাথপুর থেকে রিক্সায় করে বেড়া যাচ্ছিলেন লাল মিয়া(৪৫) ও তার ভাতিজি ইতি (১০)। মহাসড়কের মোড়ে একটি বালি বোঝাই ট্রাককে থামার জন্য কর্তব্যরত ট্রাফিক সিগন্যাল দেয়। কিন্তু চালক ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় অপরদিক থেকে আসা ওই রিক্সাকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই ইতি মারা যায়। এছাড়া হাসপাতালের নেওয়ার পথে রিক্সা চালকও মারা যান। গুরুতর আহত হন লাল মিয়া। তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার পর উত্তেজিত জনতা চাঁদাবাজ ট্রাফিককে গণ পিটুনি দিলে পুলিশ এসে উত্তেজিত জনতার ওপর লাঠিচার্জ করে। এতে ২৫জন আহত হন।
এ ব্যাপারে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
