২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক ছুটিতে থাকায় ইনকিলাব মামলার রায় হয়নি, পরবর্তী শুনানি ৮ ফেব্রুয়ারি

বিচারক ছুটিতে থাকায় ইনকিলাব পত্রিকার মামলার রায় প্রদান করা সম্ভব হয়নি। মামলাটি বর্তমানে নবাবগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন রয়েছে। ৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 10:16 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

২০০৪ সালের ২৮ মার্চ ‘ইউনিয়ন ফর প্রটেকশন অব পিপলস রাইটস’ (ইউপিপিআর) এর পক্ষে অ্যাডভোকেট এএসএম ইকবাল হোসেন ইনকিলাব প্রকাশকের বিরুদ্ধে এ মামলা করেন। ডিক্লারেশনকে অবৈধ উল্লেখ করে ইউপিপিআর ইনকিলাবের প্রকাশনা বন্ধের দাবি জানায়।

এএসএম ইকবাল তার অভিযোগে বলেন, ইনকিলাবের প্রকাশক বাকী বিল্লাহ ১৯৭১ সালের পত্রিকা প্রকাশনা আইনের ১১ ধারা অমান্য করে দুই বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন। 

এর আগে ২৯ জানুয়ারি মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত ইনকিলাবের প্রকাশক বাকী বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন।

সূত্র জানায়, ইনকিলাব ২০০১ সালের ১৫ ডিসেম্বর ১৪ আগস্টকে বাংলাদেশের স্বাধীনতা দিবস  ঘোষণার পক্ষে ওবায়েদ জাগিরদারের লেখা  একটি সংবাদ  প্রকাশ করে।

ওই সংবাদের প্রেক্ষিতে অ্যাডভোকেট ইকবাল হোসেন লেখক, সম্পাদক এমএম বাহাউদ্দিন এবং প্রকাশক বাকী বিল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযুক্ত তিন আসামির মধ্যে লেখক এবং সম্পাদক জামিনে রয়েছেন।