চলমান জ্বালানি সংকটের জন্যে পাম্প মালিকরা দায়ী নয়: ডিলার সমিতি
বাংলাদেশ পেট্রোলিয়াম ব্যবসায়ী, পরিবেশক ও পেট্রোল পাম্প মালিক সমিতি সরকারের অভিযোগ খণ্ডন করে সোমবার বলেছে, চলমান জ্বালানি তেলের সংকটের জন্যে পাম্প মালিকরা দায়ী নয়।
সমিতি দাবি করেছে, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যে এ ধরনের প্রচার চালাচ্ছে। পাম্মের ট্যাংকিতে অবৈধভাবে তেল মজুদ রাখার কোনও ব্যবস্থা নেই।
সুনির্দিষ্ট পরিমাণ জ্বালানির অতিরিক্ত পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংকিতে রাখার কোনও ব্যবস্থা নেই এবং এর বাইরেও এ ধরনের কোনও সুযোগ নেই বলে সমিতি জানায়।
পাম্প মালিক সমিতির সভাপতি নাজমুল হক এক প্রেস ব্রিফিংয়ে জ্বালানি তেলের সংকটের জন্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) গাফিলতি এবং যথাযথ পরিকল্পনা প্রণয়নে বিপিসির ব্যর্থতার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, বিপিসি’র নিয়ন্ত্রণাধীন তিনটি তেল কোম্পানির ডিপোতে তেলের মজুদ না থাকায় ব্যবসায়ীরা গ্রাহকদের তেল সরবরাহ করতে পারছে না।
সমিতির নেতারা বলেন, জ্বালানি উপদেষ্টা বলেছেন, তেলের সংকট নেই। তার এ বক্তব্য সত্য নয়। কারণ তিনি নিজেই তেল বোঝাই ১৪ জাহাজের বাঘাবাড়ি ডিপোতে না পৌঁছানোর বিষয়টি স্বীকার করেছেন।
সমিতির সভাপতি বলেন, সরকার একদিকে বলছে, তেলের অপ্রতুলতা নেই এবং রেশনিংও করা হচ্ছে না। কিন্তু তারা পাম্প মালিক ও পরিবেশকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহও করছে না।
তিনি বলেন, মজুদের ঘাটতির কারণেই হোক বা যানবাহনের কারণেই হোক, জ্বালানি তেলের যে সংকট সৃষ্টি হয়েছে, সেজন্যে পাম্প মালিকরা কিছুতেই দায়ী নয়।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে সমিতির নেতা মহসিনুর রশিদ, মমিন দুলাল, হারুন অর রশিদ, আজিজ সালমানী রবিন এবং রফিকুর রহমান মাহমুদ উপস্থিত ছিলেন।
তাদের মতে, জ্বালানি তেলের মূল্য বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রীর বক্তব্যের কারণে পরিবহন মালিকরা বেশি করে তেল কিনে নেয় এবং পাম্পগুলোতে তেলের বাড়তি চাহিদা দেখা দেয়।
