ইত্তেহাদ এয়ার ঢাকাসহ ৯টি নতুন রুটে ফ্লাইট চালাবে
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইত্তেহাদ এয়ারওয়েজ এ বছরের শেষের দিকে ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।
সিভিল এভিয়েশন অথরিটি’র পরিচালক (ফ্লাইট সেফটি) হাবিবুল্লাহ খান বিডিনিউজকে বলেন, ইত্তেহাদ এয়ারওয়েজ এ বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে কর্তৃপক্ষ এখনো তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি।
তিনি জানান, ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার ব্যাপারে সিভিল এভিয়েশন ইত্তেহাদকে অনুমতি দিতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বিডিনিউজের দুবাই প্রতিনিধি সাইফুর রহমান জানান, ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করার আগে ইত্তেহাদ এয়ার আগামী মাস থেকে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার এবং জেদ্দা ও ম্যানিলা থেকে ফ্লাইট চালু করবে বলে ইউএই’র একজন শীর্ষ স্থানীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, ফ্লাইট চালু করার পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি চলতি বছরেই নিউইয়র্ক, ম্যানচেস্টার, জেদ্দা ও জাকার্তায় ফ্লাইট পরিচালনা শুরু করবে।
এ বছরের গ্রীষ্মে নিউইয়র্কে ফ্লাইট চলাচল শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
