ডায়াবেটিসে মেথি ঔষধের কাজ করে
ডায়াবেটিস চিকিৎসায় ভেষজ উপাদান মেথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পরীক্ষায় দেখা গেছে, মেথি রক্তে গ্লুকোজের মাত্রা এবং প্রস্রাবে গ্লুকোজের পরিমান কমায়।
নিয়মিত ২৫ থেকে ৫০ গ্রাম মেথি সেবন করলে ডায়াবেটিস রোগী আরোগ্য লাভ করতে পারেন।
চিকিৎসা বিজ্ঞানীরা এক গবেষণায় এই তথ্য দিয়েছেন।
গত শতাব্দীর নব্বইয়ের দশকে হায়দারাবাদের নিন--এর ভারতীয় বিজ্ঞানীরা ‘ফেনুগ্রিক’ (ঋবহঁমৎববশ) এর বীজ বা মেথির এসব গুণাগুণের প্রমাণ পেয়েছেন দীর্ঘমেয়াদি এক গবেষণা চালিয়ে।
দেখা গেছে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ৫০ গ্রাম মেথি ডায়াবেটিসের প্রথম পর্যায়ে সুগার নিয়ন্ত্রণের ঔষধ ২৫০ মি.গ্রা. ক্লোরপ্রোপামাইডের সমান কাজ করে।
শুধু সাধারণ ডায়াবেটিস নয়, ইনস্যুলিননির্ভর ডায়াবেটিসের উপসর্গ কমাতেও মেথি কাজ করে একইভাবে। মেথিতে খাদ্যতন্তু বা ডায়েটারি ফাইবার থাকে প্রায় পঞ্চাশ শতাংশ। খাবারের সঙ্গে মেথি তাই গ্লুকোজের দ্রুত শোষণ আটকে রক্তে হঠাৎ করে গ্লুকোজের মাত্রাকে অনেকটা বাড়তে দেয় না।
এছাড়াও মেথিতে থাকা ট্রাইগোনেলিন নামের উপাদান রক্তশর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বলে জানা গেছে। রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর পাশাপাশি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় মেথি।
এই কারণে যথেষ্ট ফাইবারসমৃদ্ধ হওয়ায় মেথি করোনারি হৃদরোগীর শরীরে হার্ট অ্যাটাক আটকে দিয়ে নিতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। মেথির গুঁড়ো প্রথমদিকে দু’চামচ দুবার মাত্রায় খাবারের সঙ্গে খাওয়া যায়।
নানা ধরণের খাবারে মেথি ব্যবহার করে ডায়াবেটিসের রোগীদের জন্য এক ডজনেরও বেশি রেসিপি আবিস্কার করেছে ভারতের হায়দারাবাদের পুষ্টিবিজ্ঞানীরা। রুটিতে, ডালে, সবজিতে ব্যবহার করে এভাবে দিনে ৫০ গ্রাম পর্যন্ত মেথি ঔষধ হিসেবে খেতে পারেন ডায়াবেটিসের যে কোনও রোগী।
প্রথমদিকে ঔষধের সঙ্গে খেতে খেতে আস্তে আস্তে বাড়াতে হয় মেথির মাত্রা। দেখা যায় মেথি খেতে থাকায় সুগার নিয়ন্ত্রণে ঔষধের প্রয়োজনীয় মাত্রাও দিন দিন কমে আসে। মেথি সব চাইতে ভালো কাজ করে গোড়াতেই ধরা পড়া টাইপ টু ডায়াবেটিসের রোগীর বেলায়।
মনে রাখতে হবে, ডায়াবেটিসের চিকিৎসায় মেথির ভূমিকা পুরোদস্তুর ঔষধের নয়, ঔষধ ও খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত মেথি রোগের উপসর্গ কমাতে ও জটিলতা এড়াতে সাহায্য করে যথেষ্ট মাত্রায়।
