২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট সিরিজ বোমা: বগুড়ায় বাংলা ভাই, শায়খ রহমানসহ ৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, স্টেট ডিফেন্স নিয়োগ

জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, অপারেশন কমান্ডার বাংলা ভাইসহ ৬ আসামির বিরুদ্ধে ১৭ আগস্ট বগুড়ায় বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় রোববার অভিযোগ গঠন হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

চতুর্থ স্পেশাল ট্রাইব্যুনালে শুনানি শেষে বিচারক কে. জি. মোস্তফা অভিযোগ আমলে নেন। আগামী ২০ মার্চ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ও আসামীদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে।

একটি সূত্র জানায়, শায়খ আবদুর রহমান (৪৪), বাংলা ভাই (৩৫), জঙ্গী নেতা ওয়ালিউল্লাহ (২২), ইউসুফ (২৫), মামুন-অর-রশিদ (২৮) ও আবদুর রাজ্জাকের (২৫) বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে ও নাশতকামূলক কাজের জন্য বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে শুধু আবদুর রাজ্জাক আটক রয়েছে এবং সে ১৭ আগস্ট বগুড়ায় বোমা হামলায় ঘটনায় জড়িত থাকার বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছে।

চার্জশিটে বলা হয়, শায়খ রহমান ও বাংলা ভাইয়ের নির্দেশে আসামিরা ওইদিন বগুড়ার আদালতসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে দু’ব্যক্তি আহত ও শহরে ব্যাপক আতঙ্ক দেখা দেয়।

সকালে কড়া প্রহরায় আটক আবদুর রাজ্জাককে আদালতে হাজির করা হয়। সে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও রোববার আদালতে নিজেকে নির্দোষ দাবি করে। বিচারক রাজ্জাক ও পলাতক অপর ৫ আসামির পক্ষে মামলা পরিচালনার জন্য অ্যাডভোকেট হযরত বেলালকে স্টেট ডিফেন্স নিয়োগ দেন। আদালতে সরকার পক্ষে পিপি একেএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।