ঝালকাঠিতে বিচারক হত্যার বিস্ফোরক দ্রব্য আইনের মামলার চার্জ গঠন আবারো পেছালো, সম্পূরক চার্জশিট দাখিল
বরিশাল বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারকের অনুপস্থিতির কারণে বৃহস্পতিবার ঝালকাঠিতে দু’বিচারক হত্যার বিস্ফোরক দ্রব্য আইনের মামলার চার্জ গঠন তৃতীয়বারের মতো পিছিয়ে গেছে।
তবে এ মামলায় একটি সম্পূরক চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আদালতের বেঞ্চ সহকারী জানান, বৃহস্পতিবার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চার্জ গঠনের দিন ধার্য থাকলেও বিচারক আব্দুল মতিন বিশেষ কারণে ছুটিতে থাকায় তা সম্ভব হয়নি। তবে দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২৩ জানুয়ারি মামলার চার্জ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
এদিকে ওই মামলার আসামি আতাউর রহমান সানি ও আউয়ালকে ঢাকা থেকে বরিশালে পাঠানোর জন্যে আদালত ৮ জানুয়ারি আইজিপিকে এবং ১৫ জানুয়ারি ঢাকার সহকারী আইজিপিকে সমন পাঠালেও বৃহস্পতিবার পর্যন্ত তারা এর কোনও জবাব দেননি। এ ঘটনাকে আদালত অবমাননার সামিল বলে উল্লেখ করেছেন আইনজীবীরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব আলী ৩০ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছয়জনকে অভিযুক্ত করে সদর ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিরা হচ্ছে, বোমা হামলাকারী মামুন, আতাউর রহমান সানি, আউয়াল, সুলতান, শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব আলী নতুন দু’জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার সদর ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলায় একটি সম্পূরক চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হচ্ছে, খালিদ সাইফুল্লাহ ওরফে আমজাদ এবং মোল্লা ওমর। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে।
প্রসঙ্গত, গত বছর ১৪ নভেম্বর ঝালকাঠিতে বোমা হামলার ঘটনায় বিচারক জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহমেদ নিহত হওয়ার পর তাদেরকে বহনকারী গাড়ির চালক সুলতান আহম্মেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
