চুরির আসামি ধরতে গিয়ে বোমা তৈরির সরঞ্জাম, মৃত মানুষের খুলি উদ্ধার
নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশ বুধবার দুপুরে চুরি মামলার এক আসামিকে ধরতে গিয়ে সদর ইউনিয়নের কেশবা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ি থেকে বোমা তৈরীর সরঞ্জাম, পিস্তল সদৃশ দুটি বস্তু, দু’টি ছোরা, মৃত মানুষের খুলি ও বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার করেছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার হোসেন পালিয়ে যায়।
পুলিশ জানায়, সোমবার রাতে কিশোরগঞ্জ বাজারের একটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটলে ক্লিনিকের মালিক ডা. আবদুস সাত্তার এই ঘটনার সাথে কেশবা গ্রামের রহিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের (২৫) সংশি¬ষ্টতা নিশ্চিত হয়ে মঙ্গলবার লোকজন নিয়ে তার বাড়িতে মালামাল উদ্ধারের জন্যে যায়। এসময় দেলোয়ার হোসেন ও তার লোকজন তাদের ওপর উণ্টো হামলা করে তাড়িয়ে দেয়।
শহরে ফিরে ডা. আবদুস সাত্তার থানায় একটি মামলা করলে পুলিশ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করতে গিয়ে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে এসব জিনিষ উদ্ধার করে।
এব্যাপরে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।
