ডব্লিউটিও’র হংকং সম্মেলনে গ্রেফতারকৃত বন্দিদের মুক্তি দাবি
ঢাকার মুক্তাঙ্গনে বুধবার ‘লেবার ফোরাম অন ডব্লিউটিও বাংলাদেশ’ বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং সম্মেলনে গ্রেফতারকৃত বন্দিদের মুক্তি দাবি করেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ সম্মেলন ২০০৫ সালের ১৩ থেকে ১৮ ডিসেম্বর হংকংয়ে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বাংলাদেশসহ ১৩৪ টি দেশ অংশ নেয়।
হংকংয়ে সম্মেলন কেন্দ্রের বাইরে হংকংসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সাধারণ মানুষের বিক্ষোভ ঠেকাতে ব্যাপক ধড়পাকড় করা হয়। সম্মেলনের একমাস পরও ৯ জন বিক্ষোভকারীকে জেলে বন্দি করে রাখা হয়েছে।
হংকং সম্মেলনে সময় বন্দি এ নয়জন বিক্ষোভকারীর মুক্তির দাবিতে ‘লেবার ফোরাম অন ডব্লিউটি বাংলাদেশ’ সংগঠন র্যালি শেষে মুক্তাঙ্গনে এক সমাবেশের আয়োজন করে।
ডব্লিউটিও’র ৬ষ্ঠ সম্মেলনে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেওয়া না হলে ঢাকাস্থ চীন দূতাবাস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে এ সংগঠনের নেতাকর্মীরা জানায়। গ্রেফতারকৃতদের মুক্তির জন্য তারা বাংলাদেশ সরকারের প্রতি ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
