টেংরাটিলায় পুড়ে যাওয়া গ্যাসে বাংলাদেশী শেয়ারের ক্ষতিপূরণ দিতে নাইকোর সম্মতি
টেংরাটিলা খ্যাত ছাতক গ্যাস ফিল্ডে পরপর দু’বার অগ্নিকাণ্ডে বাংলাদেশের শেয়ারের যে পরিমাণ গ্যাস পুড়ে গেছে কানাডীয় কোম্পানি নাইকো তার ক্ষতিপূরণ প্রদানে সম্মত হয়েছে।
দুর্ঘটনায় তিন বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে গেছে বলে পেট্রোবাংলা যে দাবি করেছিলো নাইকো তা মেনে নিয়েছে। একই সাথে তারা পুড়ে যাওয়া বাংলাদেশী শেয়ারের ২০ শতাংশ গ্যাসের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।
নাইকোর এক চিঠিতে বলা হয়, নাইকো ছাতক গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন অব্যাহত রাখবে এবং পুড়ে যাওয়া তিন বিলিয়ন ঘনফুট গ্যাসের ২০ শতাংশ শেয়ার হিসেবে বাংলাদেশের যে পরিমাণ গ্যাস পুড়েছে পেট্রোবাংলাকে তা বিনামূল্যে সরবরাহ করা হবে।
গত বছর ৬ ডিসেম্বর ক্ষতিপূরণ চেয়ে পেট্রোবাংলা নাইকোকে যে চিঠি দিয়েছিলো তার জবাবে কানাডীয় এ কোম্পানিটি সোমবার চিঠি দিয়ে একথা জানায়। চিঠিতে তারা পেট্রোবাংলাকে বৈজ্ঞানিক ও ব্যাখ্যামূলক বিশ্লেষণের বিস্তারিত তথ্য জানাতে বলে যাতে তাদের উপদেষ্টা ও বিশেষজ্ঞরা অন্যান্য দাবির ব্যাপারে খতিয়ে দেখতে পারে।
নাইকো জানায়, পুড়ে যাওয়া মোট গ্যাসের পরিমাণ নির্ধারণের হিসেবটি তারা বুঝতে পারছেন, কিন্তু ঠিক কি পদ্ধতি বা বৈজ্ঞানিক ও ব্যাখ্যামূলক বিশ্লেষণের মাধ্যমে পেট্রোবাংলা এ হিসেব করেছে বা পরিবেশ ক্ষতির দাবি করছে তা তাদেরকে জানানো হয়নি।
পুড়ে যাওয়া নির্ধারিত তিন বিলিয়ন ঘনফুট গ্যাসের বাইরেও পেট্রোবাংলা নাইকোকে অতিরিক্ত অর্থ প্রদান বা অন্যান্য ক্ষতির ব্যাপারে ক্ষতিপূরণ প্রদান করতে বলেছে।
পেট্রোবাংলা জানায় যে পরিবেশের ক্ষতির কারণে নাইকোকে ৮৪ কোটি টাকার বেশি অর্থ প্রদান করতে হবে।
রাষ্ট্রায়াত্ত তেল, গ্যাস ও জ্বালানি কর্পোরেশন পেট্রোবাংলা আরও জানায়, যদি দেখা যায় যে টেংরাটিলায় ৪৫ বিলিয়ন ঘনফুট গ্যাস পুড়ে গেছে তবে নাইকোকে নিঃশর্তভাবে ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি মেনে নিতে হবে। এছাড়াও ৪৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের জন্যে ব্যাংক গ্যারান্টি চেয়েছে পেট্রোবাংলা।
জবাবে নাইকো জানায়, দাবিকৃত যেকোনো ক্ষতিপূরণের ব্যাপারে তারা ব্যাংক গ্যারান্টির বাধ্যবাধকতা মেনে নেবেন না। চূড়ান্ত হিসেবে যদি দেখা যায় যে দাবিকৃত তিন বিলিয়ন ঘনফুটের বেশি বা কম ক্ষতির জন্যে নাইকো দায়ী তবে পেট্রোবাংলা ও নাইকো একত্রে বসে এর ভারসাম্য নির্দেশ করবে।
এছাড়াও টেংরাটিলার উপরিভাগের যে ৫ দশমিক ৮৯ ঘনফুট গ্যাস পুড়ে গেছে পেট্রোবাংলা ফেনী গ্যাস ফিল্ড থেকে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্যে বলেছে নাইকোকে। প্রসঙ্গত, ফেনী গ্যাস ফিল্ড থেকে নাইকো বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করছে।
পেট্রোবাংলার এ নির্দেশের প্রেক্ষিতে নাইকো যৌথ উদ্যোগ চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে এক্ষেত্রে এক ফিল্ডের দায়ভার অন্য ফিল্ডের প্রতি আরোপ করার বিষয়টি না রাখার বিষয়টি তারা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে।
ভবিষ্যতে কোনও দুর্ঘটনা ঘটলে তার সকল ক্ষতিপূরণ প্রদানে সম্মত হতে পেট্রোবাংলা নাইকোকে যে নির্দেশ দিয়েছে সেক্ষেত্রে কানাডীয় কোম্পানিটি অতিরিক্ত দাবির ব্যাপারে জানতে চেয়েছে।
সকল পক্ষের স্বার্থ সংরক্ষণে স্বচ্ছতা বজায় রাখার জন্যে নাইকো বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত যৌথ উদ্যোগ চুক্তির (জেভিএ) ১৮ নম্বর ধারা ব্যবহারের প্রস্তাব করেছে। এ ব্যাপারে তারা সরকারকে বৈঠক ডেকে আলোচনা করার অনুরোধ জানিয়েছে।
এদিকে ফেনী গ্যাস ফিল্ড থেকে নাইকো যে গ্যাস সরবরাহ করছে এখনও তার দাম নির্ধারণ করা হয়নি। এ ব্যাপারে নাইকো জানায়, তারা ফেনী গ্যাস ফিল্ড থেকে এ পর্যন্ত যে পরিমাণ গ্যাস সরবরাহ করেছে এবং ভবিষ্যতে যা সরবরাহ করবে তার জন্যে মধ্যবর্তী মূল্য হিসেবে প্রতি মিলিয়ন ঘনফুট গ্যাসের জন্যে ১ দশমিক ৭৫ মার্কিন ডলার প্রদান করতে হবে। এক্ষেত্রে তারা বিশেষজ্ঞের মাধ্যমে গ্যাসের চূড়ান্ত মূল্য নির্র্ধারণ সংক্রান্ত ধারা স্থগিত রাখার কথা উল্লেখ করেন।
