গাজীপুর, যশোর ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৪৪
গাজীপুর, যশোর ও নাটোরে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ছয়জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছে। বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়িতে মঙ্গলবার বিকেলে একটি যাত্রীবাহী মিনিবাসকে পিছন থেকে অপর একটি বাস ধাক্কা দিলে মিনিবাসটি রাস্তার পাশে ২০ ফুট নিচে খাদে পড়ে গেলে তিনজন নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী মিথিলা পরিবহনের একটি বাসকে পেছন দিক থেকে নিরাপদ পরিবহনের অপর একটি বাস ধাক্কা দিলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আলম (৩০) এবং অজ্ঞাত এক ব্যক্তি (৪০) প্রাণ হারায় এবং ৩০ জন আহত হয় । পরে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেলাল (২৫) নামের অপর এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহতদের মধ্যে আটজনকে ঢাকা, গাজীপুর ও শ্রীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, যশোর মনিরামপুর সড়কের কুয়াদা বাজারে মঙ্গলবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা বেগমের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাসপুরে।
এদিকে যশোর--নড়াইল সড়কে শুক্রবার বাস দুর্ঘটনায় আহত শিশু খায়রুল ইসলাম (৮) মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। যশোর জেনারেল হাসপাতাল সূত্র এখবর জানায়।
বিডিনিউজ নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বরইগ্রামে নাটোর-ঢাকা মহাসড়কের লাটুরিয়া নামক স্থানে মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনায় এক রাখাল নিহত ও কমপক্ষে ১৫জন আহত হয়।
নিহতের নাম আব্দুল লতিফ (৩০)।
পুলিশ সূত্র জানায়, ঢাকাগামী একটি গরু বোঝাই ট্রাকের সাথে নাটোরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রাখাল লতিফ নিহত হয়। এ ঘটনায় কমপক্ষে ১৫ বাস যাত্রী আহত হয়। আহতদের বরইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বরইগ্রাম থানায় একটি মামলা হয়েছে।
