২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ১ জনের মৃত্যু

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তেতুয়া গ্রামে সোমবার বিএনপি ও আওয়ামী লীগের মধ্যেকার সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আব্দুল মান্নান মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে আরো দুইজনকে ঢাকা ও কুমিল্লায় মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুল মান্নানকে (৪৫) বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই তাদের কর্মী বলে দাবি করেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিক্ষা প্রতিমন্ত্রী ও কচুয়ার বিএনপি সাংসদ আ ন ম এহসানুল হক মিলন জানান, নিহত মান্নান তাদের কর্মী।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ৪/৫ হাজার লোক এনে কচুয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ গুলি চালালে আব্দুল মান্নান আহত হয় এবং পরবর্তীতে মারা যায়।

এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর জানান, নিহত আব্দুল মান্নান তেতুয়া আওয়ামী লীগের সদস্য। তার গণসংযোগে বিএনপি ক্যাডার উজানির আনু মিয়া ও মিন্টু এলোপাতাড়ি গুলি চালালে আব্দুল মান্নানসহ তাদের দলের ২০ জন লোক আহত হয়।

এ ব্যাপারে আওয়ামী লীগ একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

মান্নানের মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে নিহত মান্নানের ময়নাতদন্ত শেষে মরদেহ মঙ্গলবার দুপুরে কুমিল্লায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।