মালিক শ্রমিক বিরোধ: নওগাঁয় সকল হোটেল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নওগাঁয় হোটেল মালিক ও শ্রমিকদের বিরোধের জের ধরে সোমবার থেকে শহরের সকল হোটেল রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক নূরুল হক কর্তৃক শ্রমিকনেতা মকছেদ আলীকে লাঞ্ছিত করার অভিযোগে ঈদের এক দিন আগে থেকে হোটেল শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। রোববার হোটেল মালিকরা শ্রমিকদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগদানের আল্টিমেটাম দিলেও শ্রমিকরা এতে সাড়া না দিয়ে বরং মালিকদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে। ফলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সকল রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করে নওগাঁ হোটেল মালিক সমিতি।
হোটেল মালিক সমিতির সভাপতি আহম্মদ আলী জানান, শ্রমিকরা মিথ্যা অভিযোগ এনে কর্মবিরতি পালন করছে। অন্যদিকে শ্রমিকনেতা মকছেদ আলী চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে লাঞ্ছিত করার ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন অব্যাহত রাখবে।
এদিকে শহরের সকল হোটেল বন্ধ থাকায় জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
