বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭,
দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এসব ঘটনায় ৮৮জন আহত হয়।
বিডিনিউজ ভোলা প্রতিনিধি জানান, ভোলায় রোববার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এরা হচ্ছে রাব্বি (৬) এবং তার চাচাত বোন ফাতেমা (৮) ও ইয়ামিন (৭)।
প্রথম দুর্ঘটনাটি ঘটে ইলিশা ইলিশা ফেরিঘাটের কাছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে ইলিশা ফেরি ঘাট এলাকার চড়ারমাথা নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস রাব্বি ও ফাতেমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর, বিক্ষুব্ধ জনতা রাস্তা ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে একই সময়ে চরফ্যাশন থানা রোডে। একটি যাত্রীবাহী টেম্পুর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইয়ামিন নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা টেম্পু চালক শাহ আলমকে আটক করে থানায় সোপর্দ করে।
বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলার ধরলায় রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় অন্ততঃ দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে- আজাহার আলী (৩৫) ও রতন মিয়া (৩০)।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তী সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশার কারণে ইচাইল মোড়ে থামালে পেছন থেকে বালু ভর্তি একটি ট্রাক এসে ধাক্কা দেয়। বালুভর্তি ওই ট্রাককে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, জেলার চারঘাটে রোববার পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এরা হচ্ছে-- শাহজামাল (৩৫) ও প্রণব কুমার (৪০)। আহত হয়েছে অন্তত ২০ জন। এদের কারোই নাম পাওয়া যায়নি। আহতদের একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম দূর্ঘটনাটি ঘটে চারঘাটের ট্রাফিক মোড় এলাকায় দুপুর বারোটায়। বাঘা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যায় বাঘার হেলালপুর গ্রামের মৃত দেসার মৃধার পুত্র শাহজামাল। এতে আহত হয় অন্তত ২০ যাত্রী। এদের একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্বিতীয় দূঘটনাটি ঘটে মীরগঞ্জ নামক স্থানে। বাঘা থেকে রাজশাহী গামী চলন্ত একটি যাত্রীবাসী বাস থেকে নামতে গিয়ে প্রণব কুমার নিহত হয়। প্রণবের বাড়ি বাঘার নারায়ণপুরে।
বিডিনিউজ ভৈরব প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব পৌর এলাকার জগন্নাথপুরে রোববার সকালে দুটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অপর একজন আহত হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়ীয়াগামী মালবোঝাই একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো ট-১১-২০১৬) একটি রিক্সাকে সাইড দিতে গেলে পিছন থেকে আসা অপর একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো ট-০২-০৭৫৬) সেটিকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে অজ্ঞাত হেলপার (২৫) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত ট্রাকচালক সাজ্জাদকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
বিডিনিউজ নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর চৌমুহনী--রামগঞ্জ সড়কে রোববার বিকেলে একটি মালবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতরা হল আবুল কালাম (২৭) ও মো: রফিক (৩০)। নিহত দু’জনই পিকআপ ভ্যানটির ওপরে বসা ছিলো।
বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার এলাকায় রোববার বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন শিশু নিহত হয়েছে।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারকে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে কারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় পথচারি তিনশিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় প্রাইভেট কারের সাতজন আরোহী মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
বিডিনিউজ পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর বগুড়া ব্রিজের কাছে রোববার বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও ৪০জন আহত হয়।
নিহতের নাম রেহেনা বেগম (৪০)। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দশমিনা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি (পটুয়াখালী জ- ১১-০০১) বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী, বাউফল ও দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, শহরের পাক পাহাড়পুর মহল¬ার মৃত মোজাহার আলীর পুত্র মোঃ সফিকুল ইসলাম বাবু (৩০) ঢাকা থেকে নাইট কোচ যোগে আসার সময় শনিবার দিবাগত রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়। অপরদিকে জয়পুরহাট জেলার সায়েদপুর গ্রামের শ্যাম কুমারের পুত্র রবি শর্মা (২৫) শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা। এসব ঘটনায় কোতয়ালী থানায় পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোমিন (২৫)। সে শেরপুরের আমিনপুর এলাকার আবুল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোমিন সন্ধ্যা ৬টার দিকে বাইসাইকেলে মীর্জাপুরে তার শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ঘোগা বটতলায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দেয়। মুমূর্ষূ অবস্থায় তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টায় তিনি মারা যান।
এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
