২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ডলারের দাম বাড়ায় সব ক’টি এয়ারলাইন্সের যাত্রীভাড়া বেড়েছে

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে চলাচলকারী সব ক’টি এয়ারলাইন্সের যাত্রীভাড়া বেড়েছে। দেশের বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় ১ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব ক’টি এয়ারলাইন্স ডলারপ্রতি দু’টাকা হারে যাত্রীভাড়া বাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

এভিয়েশন সূত্র জানায়, বিমানসহ  দেশে সক্রিয় ৩০টি এয়ারলাইন্সের প্রতিনিধিদের সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভ (বার) সম্প্রতি সিদ্ধান্ত নিয়ে প্রতি ডলার ৬৫ টাকার বদলে ১ জানুয়ারি থেকে ৬৭ টাকা নির্ধারণ করেছে। নতুন বছরের শুরুতে বার ডলারের সঙ্গে ওই টাকার সমন্বয় করায় এখন যে কোনো এয়ারলাইন্সের যাত্রীকে বাড়তি ভাড়া গুনতে হবে। অভ্যন্তরীণ রুটে বিমান ও জিএমজি এয়ারলাইন্সও একই হারে ভাড়া বাড়িয়েছে।

চলতি বাজারে এখন মার্কিন ডলারের দাম পড়ছে গড়ে ৬৮ টাকা করে। মাস দুয়েক আগেও ডলারের দাম ছিলো গড়ে ৬৬ থেকে ৬৭ টাকা।

এর আগে বার গত বছরের ১ এপ্রিল সর্বশেষ টিকিটের দাম বাড়ায়। সে সময় মার্কিন ডলারের দাম ৫৯ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৬১ টাকা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিমানের ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ৮৫১ ডলারের একটি টিকিট কিনতে যাত্রীদের কিছুদিন আগেও যেখানে প্রায় ৫২ হাজার ৩৩৬ পড়তো, এখন নতুন করে ডলারের সঙ্গে টাকার সমন্বয় করার পর ওই একই টিকিট কিনতে যাত্রীদের দিতে হচ্ছে ৫৭ হাজার ১৭ টাকা।

ওই একই রুটে ব্রিটিশ এয়ারওয়েজের টিকিটের দাম ৯৫০ ডলার। টাকার মূল্যে এখন এই দাম প্রায় ৫৮ হাজার ৪২৫ থেকে বেড়ে ৬৩ হাজার সাড়ে ৬০০ টাকায় দাঁড়িয়েছে।

আমিরাত এয়ারলাইন্সে একই রুটে ভাড়া ৮৬০ ডলার। টাকার অংকে টিকিটের দাম ৫২ হাজার ৮৯০ টাকা থেকে বেড়ে ৫৭ হাজার ৬২০ টাকায় দাঁড়িয়েছে।

একই ভাবে বিমানের নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে ১ হাজার ১৯৪ ডলারের টিকিট আগে ৭৩ হাজার ৪৩১ টাকায় পাওয়া যেতো। এখন ওই একই টিকিট যাত্রীদের ৭৯ হাজার ৯৯৮ টাকায় কিনতে হচ্ছে।

ওই রুটে ব্রিটিশ এয়ারওজের এক হাজার ৪৫০ ডলারের টিকিটের পূর্বমূল্য ৯৪ হাজার আড়াইশ টাকা ছিলো। এখন এর দাম পড়ছে ৯৭ হাজার ১৫০ টাকা। এই রুটে আমিরাত এয়ারলাইন্সের টিকিটের দাম ১ হাজার ৩৬০ ডলার। আগে ৮৩ হাজার ৬৪০ টাকায় এই টিকিট পাওয়া যেতো। এখন এর দাম পড়ছে ৯১ হাজার ১২০ টাকা।

আমিরাত এয়ারলাইন্সের ঢাকা-দুবাই-ঢাকা রুটে টিকিটের দাম ৫০০ ডলার। টাকার হিসেবে আগে এ-টি ছিলো ৩০ হাজার ৭৫০ টাকা। এখন দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫০০ টাকা।