ঈদের ছুটির পর রোববার সচল হচ্ছে ঢাকা
মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার ছুটি শেষে রোববার কোলাহল আর যানজটের নগরী ঢাকা তার পুরণো চেহারা ফিরে পাচ্ছে বলে মনে করা হচ্ছে। লাগোয়া শুক্র, শনি দু’দিন সাপ্তাহিক ছুটির কারণে এবারের তিনদিনের ঈদের ছুটি পাঁচদিনে উন্নীত হয়।
বিপুল সংখ্যক মানুষ গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ায় নগরবাসীরা অল্প কয়েক দিনের জন্যে হলেও এখন তাদের স্বপ্নের এক ঢাকা উপভোগ করছেন, যেখানে দুর্বিসহ যানজট নেই, নেই তীব্র বায়ু কিংবা শব্দদূষণ।
পাঁচদিনের এ ছুটি জানুয়ারিরর ১০ তারিখ শুরু হয়ে শনিবার শেষ হয়।
এদিকে ছুটি শেষে যারা ফিরে আসছেন ঢাকায়, তারাও আবার দেশজুড়ে ঘন কুয়াশার কারণে সৃষ্ট যানজটসহ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। ঈদের আগে বাড়ি যাওয়ার সময়ও তাদের একই রকম ভোগান্তি পোহাতে হয়েছে যানবাহনের টিকিট না পাওয়া, যানজটসহ বিভিন্ন কারণে।
ঈদের আগে থেকে শুরু হওয়া ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশ পথে চলাচল সমস্যা সমস্যা এখনেও অব্যাহত রয়েছে।
