২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসের বাড়ির সামনে সুইপারদের বিক্ষোভ

একজন সুইপারের ওপর হামলার প্রতিবাদে প্রায় দেড়শ’ সুইপার সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বিক্ষুব্ধ সুইপাররা সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মন্ত্রীর বাড়ি ঘেরাও করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রীর বাড়ির সামনে কয়েকজন সন্ত্রাসী একজন সুইপারকে মারধর করায় বিক্ষুব্ধ সুইপাররা বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় সুইপাররা হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।

মন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী সুইপারকে মারধরের অভিযোগ অস্বীকার করলেও মন্ত্রীর বাড়ির সামনে সুইপারদের বিক্ষোভের কথা স্বীকার করেছেন।

তিনি আরো বলেন, হামলাকারীরা মন্ত্রীর লোক নয়। তবেসুইপাররা মন্ত্রীর কাছে সুবিচার চাইতে গিয়েছিল।

বিক্ষুব্ধ সুইপারদের নিয়ন্ত্রণ করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করেন।

তবে ঘটনার ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।