শরিয়তপুরের বারী মাতবর হত্যা মামলার রায়ে ১ জনের ফাঁসি, ১৬ জনের যাবজ্জীবন
শরিয়তপুরের জাজিরা থানার ইতালি প্রবাসী বারী মাতবর হত্যা ও ১৪ জনকে হত্যা চেষ্টা মামলায় একজনকে ফাঁসি, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
এ ছাড়া ৩৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার ঢাকার ৪নং দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এ আর মাসউদ এ রায় দেন।
ফাঁসির আদেশপ্রাপ্ত আসামী হল- সামাদ মাতবর।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হল- আব্দুল লতিফ ওরফে মেছের মাস্টার, এসকেন্দার মাতবর, খলিল মাতবর, গোলাম আলী হাওলাদার, সালেক মাতবর, সাহাবুদ্দিন মাতবর, বাবু মাতবর, জব্বার মাতবর, খলিল মাতবর, নুরু সরদার, মতি সরদার, আলমগীর সরদার, নূর মোহাম্মদ সরদার, নুরুল ইসলাম সরদার, ইলিয়াস মাতবর, জাহিদ মাতবর, সোহরাব মাতবর।
মামলার বিবরণে জানা যায়, আসামীরা পূর্ব শত্র“তার জের ধরে ২০০৩ সালের ৩০ নভেম্বর বোমা, রামদা, ঢাল, ককটেলসহ বারী মাতবর ও আনোয়ার আলী মিয়াকে হত্যার উদ্দেশ্যে তাদের বাড়িতে হামলা করে। এতে বারী মাতবর নিহত হয় এবং আরো ১৪ জন আহত হয়।
বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ২৬ জনের মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
