২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় নিহত চট্টগ্রামের ২ ব্যক্তির পরিবারে শোকের মাতম

মক্কায় বৃহস্পতিবার হোটেল ভবন ধসে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিহত দু’জনের পরিবারে এখন শোকের মাতম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

নিহত হাবিবুল্লাহ ও মোহাম্মদ হোসেন ওরফে মতি মেম্বারের মৃত্যু কেবল তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদেরকে দুঃখের সাগরে ভাসায়নি তা ব্যথিত করে তুলেছে গ্রামবাসীদের।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহতদের পরিবার সদস্যদের ইচ্ছা অনুযায়ী  শুক্রবার সৌদি আরবেই তাদের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার রাতে সৌদি আরব থেকে হাবিবুল্লাহ ও মোহাম্মদ হোসেন নিহত হওয়ার খবর পাওয়ার পর তাদের দুই পরিবারের ঈদ উৎসবের আমেজ পরিণত হয়েছে শবযাত্রায়। প্রিয়জনকে শেষবারের মতোও দেখতে পারলেন না নিহত দুজনের পরিবারের সদস্যরা।

নিহত হাবিবুল্লাহর ভগ্নীপতি আবদুল হাকিম বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় সাতকানিয়ার উত্তর রামপুরা ইউনিয়নের মাদারশা গ্রামে হাবিবুল্লাহর ছোট ভাইর কাছে এ দুঃসংবাদ দেন। এর দুই ঘন্টা পর মোহাম্মদ হোসেন নিহত হওয়ার খবর আসে একই উপজেলার দেওরদীঘি ইউনিয়নের ইওচিয়া গ্রামে তার পরিবারের লোকজনের কাছে।

ছয় ভাই ও পাঁচ বোনের মধ্যে সবার বড় হাবিবুল্লাহ দুই ছেলে রেখে গেছেন। তিনি গত ছয় বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতে ধসে পড়া ভবনের নিচ তলায় তার কর্মস্থল টেইলরিং শপে কাজ করার সময় তিনি এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

এদিকে মোহাম্মদ হোসেন একই ভবনে একটি কাপড়ের দোকানে কাজ করার সময় নিহত হন। গত ২০ বছর ধরে তিনি এখানে কাজ করছিলেন এবং গত ১০ মাস আগে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।

মোহাম্মদ হোসেন স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।