নীলফামারীতে পৌনে তিন লাখ নারী খেতমজুর মজুরি বৈষম্যের শিকার
কৃষিনির্ভর নীলফামারী জেলায় ফসল উৎপাদনে নারী শ্রমিকদের ভূমিকা পুরুষ শ্রমিকদের চেয়ে বেশি থাকলেও মজুরি বৈষম্যের শিকার হচ্ছে অধিকাংশ নারী খেতমজুর।
এক পরিসংখ্যানে জানা গেছে, জেলায় ফসল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে কর্মরত চার লাখ শ্রমিকের ৭০ ভাগই নারী। পুরুষ শ্রমিকদের পাশাপশি নারীরা ভোর থেকে সন্ধ্যা অবধি খেতখামারে সমান ঘাম ঝরালেও তাদের মজুরী দেয়া হচ্ছে অর্ধেকেরও কম। নীলফামারী জেলায় এক দিন কাজ করে পুরুষ শ্রমিকরা পায় ৬৫ টাকা। আর নারীরা পাচ্ছে ৩০ টাকা।
সরেজমিনে গিয়ে জানা যায়, এ জেলায় নারী শ্রমিকের সংখ্যা প্রায় দুই লাখ ৮০ হাজার।
মজুরি বৈষম্যের শিকার নারীরা দু’একবার সংগঠিত হবার চেষ্টা করলেও পুরুষশাষিত সমাজে তাদের সেই আন্দোলন সফল পরিণতির দিকে যাওয়ার আগেই তা দমিয়ে দেয়া হয়েছে।
নারী অধিকার রক্ষায় দেশের সকল এনজিও ও নারী সংগঠনগুলো কাজ করছে দাবি করা হলেও নীলফামারী জেলায় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করতে এ পর্যন্ত কোন আন্দোলন গড়ে তোলার বা আন্দোলনে সহযোগিতার ঘটনা নেই।
সূত্র জানায়, দেশের অন্যতম ভিত্তি বীজ উৎপাদনকারী সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান নীলফামারীর ডোমার কৃষি ফার্মে কর্মরত পাঁচশ’ শ্রমিকের তিনশ’ জনই নারী।
কিন্তু এই ফার্মে পুরুষ শ্রমিকদের এক দিনের হাজিরা ৮০ টাকা হলেও নারীর ক্ষেত্রে ৪০ টাকা।
এ ফার্মের নারী শ্রমিকরা জানায়, গত বছর মজুরি বৈষম্য নিরসনে তারা প্রতিবাদমুখর হয়ে উঠলেও মামলার পর মামলা করে তাদের সেই আন্দোলন দমিয়ে দেয়া হয়েছে।
এমনকি প্রায় একশ’ জন নারী শ্রমিককে চাকরীচ্যুত করা হয়েছে আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধে।
